অভিষেক সেনগুপ্ত
২৭, ২৮, ২৯--- ডিসেম্বরের তিনটে দিন ছন্দে ছন্দে পা
মেলাতে তৈরি তামাম দুনিয়া। এশিয়ার সেরা মিউজিক শো ‘সানবার্ন’এর সঙ্গে। তা ওই
ফেস্টিভালের চাহিদা এ বার নাকি আরও আকাশছোঁয়া। টিকিটের দাম সাধারণ মানুষের
ধরাছোঁয়ার বাইরে। তাও বিকোচ্ছে মুড়ি-মুড়কির মতো!
সানবার্নের হপ্তাখানেক আগেই আর এক অন্য ফেস্টিভালে মাততে
চলেছে গোয়া। ২০ ডিসেম্বর, আইএসএল ফাইনাল। এখন থেকেই গোয়ানরা যে রবিবারকে আদর করে
ডাকছেন ‘আওয়ার ডে, সুপার সানডে’ বলে! রবিবার ফতোর্দা স্টেডিয়ামে আস্ত একটা ‘সানবার্ন’
নামিয়ে ফেলতে চাইছে গোয়া!
উৎসবই বটে। বৃহস্পতিবার ভরদুপুরে কিংবদন্তি
ব্রাজিলিয়ানকে দেখা গেল বাঁ পা থেকে ডান পা, ডান পা থেকে বাঁ পায়ে বল নাচাতে।
চমৎকার পাস বাড়াতে। ফাঁকা জায়গা ভরাট করতে। সতীর্থ ফুটবলারদের তাতাতে। ভাস্কোর
তিলক ময়দান তখন চোখ কচলে দেখছে আর্থার কোইমব্রা ওরফে জিকোর ফুটবল ঝলক। ফুটবলারদের
বাদ দিলে টিমের সঙ্গে জড়িয়ে থাকা সাপোর্টস্টাফদের মধ্যে ম্যাচ। জিকো নিজে গোল
করলেন না ঠিকই, তবে মনপ্রাণ ঢেলে খেললেন ম্যাচ।
বৃহস্পতিবার বিকেলে যখন শহরে পা দিল চেন্নাই, তখন গোয়া
ট্রেনিংয়ে মেতে। প্রথম টিমের লুসিও, ডুডু, খোফ্রেরা হালকা গা ঘামালেন। জোয়াকিম
আব্রাঞ্চেস, দেবব্রত রায়, ডেনসন দেবদাসদের নিয়ে তখন পড়ে রয়েছেন জিকো।
মঙ্গলবারই ফাইনাল কনফার্মড হয়ে গিয়েছিল তাঁর টিমের। আগের
রাতে টিভির সামনে বসেছিলেন প্রতিপক্ষ খুঁজতে। আর সবার মতো জিকোও ছিলেন দ্বিধায়,
কলকাতা না চেন্নাই! পর দিন বিকেলেও জিকোর মুখে সেই কথা। ‘ওহ্, কলকাতা দারুণ
খেলছিল। খুব উত্তেজক ম্যাচ। গোলকিপার যদু ভিল না করত, তা হলে হয়তো ফাইনালের রাস্তাটা
খোলা থাকত কলকাতার জন্য। শেষ কয়েক মিনিটে যা ঝড় বইয়ে দিচ্ছিল, তাতে ৩-০ করতে
পারলেই তো আরও তিরিশটা মিনিট বাড়তি পেয়ে এত কলকাতা। তার পর টাইব্রেকার।’
আবাসের টিমের বিরুদ্ধে ম্যাচ মানেই উত্তেজনায় ভরপুর।
জিকোর মাথায় সে সব আর নেই। চেন্নাই সেঁধিয়ে গিয়েছে ব্রাজিলিয়ান কোচের মগজে। বলেও
দিলেন, ‘যে কোনও পেশাদার লোক যে রাস্তায় ভাবে, আমিও সে ভাবে দেখছি ম্যাচটা।
ফাইনালে উঠেছি, ট্রফিটা চায়, ব্যস।’
গোয়া নিয়ে উৎসব যেমন, তাঁকে নিয়ে তেমনই রয়েছে অনিশ্চয়তা।
রবের্তো কার্লোস হয়তো আর ফিরবেন না আইএসএলে। জিকো কী করবেন? দোভাষী ব্রুনোর
মাধ্যমে জিকো বলেন, ‘অর্থের দিকে যদি তাকাই, তা হলে অন্য দেশের অনেক টিম আছে।
কিন্তু অর্থটা সব সময ফ্যাক্টর নয়। এখানে তো আমার অসুবিধা কিছু হচ্ছে না। বরং
জায়গাটাকে ভালোবেসে ফেলেছি। দুটো বছর দারুণ সময় কাটালাম। আগামী বছর গোয়াতেই কোচিং
করাতে পারি।’
জিকো মানে এক অন্য আবেগ গোয়ার। ভাস্কোর মাঠে
প্র্যাক্টিসেও গ্যালারিতে বেশ কিছু সমর্থক। পর্তুগীজ ভাষায় যাঁরা তাতাচ্ছেন টিমকে।
প্রথম বার আইএসএল ট্রফির ঠিক আগে দাঁড়িয়ে থাকা জিকোও যেন সামিল যাবতীয় উন্মাদনায়।
স্মৃতির সরণিতে হাঁটতে হাঁটতে বলে দিলেন, ‘অত্যন্ত কঠিন ছিল শুরুর দিনগুলো।
বিদেশিদের জানতাম, কিন্তু ভারতীয় ফুটবলারদের তেমন চিনতাম না। সময় লেগেছে টিম হয়ে
উঠতে। দারুণ কাজে লেগেছে দুবাইয়ের প্রি সিজন। আমার কাছে টিমটাই শেষ কথা। ব্যক্তি
নয়। সে ভাবেই তৈরি করেছি নিজেদের।’
টিমের ধারাবাহিকতার উপরেই জোর দিয়েছিলেন শুরু থেকে।
জিকোর কথায়, ‘এ বারের সেমিফাইনালে চারটে টিমের মধ্যে তিনটেই গত বারের। সুতরাং ধারাবাহিকতা
কতটা জরুরী ছিল জানতাম। গত বার যা দেখেছি এ বারের আইএসএল মোটামুটি একই। শুধু
আনেলকার ভূমিকা বদলে গিয়েছিল।’
এই আইএসএলের ত্রুটি কোথায়? জিকোকে এ বার বিরক্তই দেখাল।
‘ঘরে-বাইরের ম্যাচ দেওয়ার ক্ষেত্রে ফিক্সচারে ব্যালান্স ছিল না। যেমন কলকাতা আর
চেন্নাই ফিরতি লিগে বেশি ম্যাচ খেলেছে ঘরে। আমরা প্রথম লিগে বেশি খেলেছি। যদি পুরো
ব্যাপারটা ভালো ভাবে সাজানো যায়, সব টিমই সুযোগ পাবে নিজেদের মেলে ধরার।’
বুধবার ছুটি দেওয়া হয়েছিল লুসিও, বোর্খাদের। পর দিন মাঠে
নামার আগে ফুটবলারদের সঙ্গে টিম মিটিংও করেন। কী বলেছেন? জিকো বললেন, ‘োদের বলেছি,
আমার জন্য নয়, নিজেদের জন্য খেলো। যদি ট্রফিটা জিততে পারো, তার থেকে বেশি তৃপ্তি
আর কিছুতেই পাবে না।’
জিকোর পেশাদারি খোলসের তলায় হঠাৎ যেন আবেগের চোরাস্রোত।
উৎসব কোথায়, এ যেন যুদ্ধংদেহি মনোভাব! প্রতিপক্ষকে ঝলসে দেওয়ার মানসিকতা!


No comments:
Post a Comment