Home Ads

Friday, January 8, 2016

কর্নেলকে কেউ বিরক্ত করবেন না

অভিষেক সেনগুপ্ত

ঘন কুয়াশায় তখন আবছা সব কিছু। মাঠে জনা তিরিশের মগ্ন দৌড়। গ্যালারির স্বপ্নলাগা কিছু চোখ। এই আছে, এই নেই!


কৃষ্ণাঙ্গ এক যুবক তখন মাঠের ধারে আধশোয়া। গালে হাত দিয়ে এক মনে দেখছেন কাতসুমি উসাদের প্র্যাক্টিস। আয়েসি চোখে নজর রেখেছেন লালকমল ভৌমিক, শৌভিক চক্রবর্তীদের তোলা এক-একটা ফ্রি কিকে।
শুক্রবারের এই নরম সকালে আই লিগ তাঁর কাছে যেন বহু দূরের গ্রহ। ওই যুবক হয়তো নিজেকে সরিয়েছে সব হিসেবের বাইরে। চব্বিশ ঘণ্টা নয়, যেন অফুরান সময় রয়েছে হাতে! কে বলবে, ইনি ত্রিনিদাদ ও টোবাগোর বিশ্বকাপার। সোনি নর্দের বাগানে ফেরার আগে তামাম জনতার আর্তি ঘুরপাক খাচ্ছে যাঁকে ঘিরে।


কালো-সবুজ বুটটা আলতো করে মাটি থেকে তুলে নিলেন কর্নেল গ্লেন। ধীরে পায়ে হাঁটা লাগালেন ড্রেসিংরুমের দিকে। নাছোড় একটা ভিড় তখন হেঁটে চলেছে পাশে পাশে। মাঠ থেকে সোজা ড্রেসিং রুম। লন থেকে ক্লাবের সদর দরজা। শনিবার আই লিগের প্রথম ম্যাচ। তার জন্য শুভেচ্ছাবার্তা আসছে ঘনঘন। বারবার শুনতে হচ্ছে, তোমার গোল দেখতে চাই! মৃদু হাসিমাখা মুখে এক বারই ফুটল কিছু কথা। ‘আমি নিজেও প্রথম মাঠে নামার জন্য ছটফট করছি। তাকিয়ে রয়েছি আই লিগের প্রথম ম্যাচটার দিকে।’


যাত্রা শুরুর আগে চোট আচমকাই থাবা বসাল বাগানে। লেনি রডরিগেস কুঁচকির চোটে দু’সপ্তাহ বাইরে। বিক্রমজিৎ সিংও পেলেন সামান্য চোট। প্র্যাক্টিস না করা গ্লেনও কি ফিট নন? গুঞ্জন উড়িয়ে দিলেন কোচ নিজেই। বিকেলের প্রেস মিটে সঞ্জয় সেন বলেই দিলেন, ‘ওকে নিয়ে কোনও চিন্তা নেই। প্রথম ম্যাচে গ্লেন খেলবে।’


র‍্যান্টি মার্টিন্স এক বিপরীত স্রোতের মানুষ। জীবন মানে--- বাড়ি, মাঠ, জিম ও গোলের ঝলক। মিডিয়ার সঙ্গে একেবারেই সখ্য নেই। সাফল্যের সেরা সময়েও প্রচারের আলোয় নেই। গোল, গোল আর গোলের নেশায় ছুটে যান অনন্ত। ওকোলি ওডাফা মুডি। অবাক করে দিয়ে চেনা বৃত্ত থেকে বেরিয়ে আসেন হঠাৎ হঠাৎ। পরমুহূর্তে আবার ফিরে যান ততোধিক চমকে দিয়ে। বিতর্ক সব সময় ছায়াসঙ্গী। যাকে বলে ময়দানি চরিত্র।


বাগানের এই বিশ্বকাপার ভারতীয় ফুটবলের আর দুই সুপারস্টারের মতো নন। র‍্যান্টি নন। ওডাফাও নন। গ্লেন যেন ভিন গ্রহের মানুষ। অসংখ্য বুম, ক্যামেরা, সাংবাদিক নতুন নয় তাঁর কাছে। কেরিয়ারের ষোলোটা বছরই কাটিয়েছেন প্রচারের আলোয়। নতুন নয় কলকাতাও। লাজং এফসিতে খেলার সময় আগের দু’বছরে এই শহরে পা দিয়েছেন বহু বার। তবু ‘টি অ্যান্ড টি’র বিদেশি বড় অচেনা। মাঠে হাসিমুখ। মাঠের বাইরে গম্ভীর। মিডিয়ার শত অনুরোধেও কথা বলতে তীব্র অনীহা। শক্রবারও নীরবতার ওই একই সরণিতে হাঁটলেন গ্লেন।


সকাল থেকে টিম নিয়ে পড়ে সঞ্জয় সেন। বাঙালি কোচ হিসেবে সুভাষ ভৌমিকের মতো টানা দ্বিতীয় বার আই লিগের খোঁজে। মাঠের ধারে বসে থাকা গ্লেনের কাছে এক বার ছুটে গেলেন বাগান কোচ। সঞ্জয়কে মাথা নেড়ে আশ্বস্ত করলেন বিশ্বকাপার। তখন মাঠের বাইরে বসে ফুটবল সচিব সত্যজিৎ চট্টোপাধ্যায়। মোহনবাগানের ঘরের ছেলেকেও কি একটু উদ্বিগ্ন দেখাল? প্র্যাক্টিসের পরে প্রাক্তন ফুটবলারের গলায় আশার ঢেউ। ‘কেউ কেউ ম্যাচের আগের দিন বিশ্রাম নেয়। যাতে চোট না লেগে যায়। গ্লেনও ওই রকম।’ আমজনতার মতো গ্লেনকে নিয়েস্বপ্ন দেখছেন তিনিও। সত্যজিৎ বললেন, ‘পা খুব পরিষ্কার। গোলটা চমৎকার চেনে। নতুন পরিবেশে মানিয়ে নিতে একটু সমস্যা হতে পারে। তবে গ্লেন যে সফল হবে, আমি নিশ্চিত।’


গত দু’বছর লাজংয়ের হয়ে আই লিগে প্রায় ৩৮টা ম্যাচ খেলেছেন। গোল রয়েছে ৩০টা। গত বার চমকে দেওয়ার মতো পারফরম্যান্স ছিল গ্লেনের। ১৬টা গোল করেছিলেন ৩৫ বছরের স্ট্রাইকার। সর্বোচ্চ স্কোরার র‍্যান্টির থেকে এক গোল পিছন। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ছিল হ্যাটট্রিক। গোলের ফুলকি এ বারও কি থাকবে বিশ্বকাপারের পায়ে?


তাঁর নীরবতাই যেন বলে দিচ্ছে অনেক কথা। গ্লেন যেন ঝড়ের পূর্বাভাস!

No comments:

Post a Comment

Know more about

AbhishekSengupta

journalist at Bennett, Coleman and Co. Ltd. (Times Group), Principal Correspondent at Ei Samay, Times Of India Group Education St. Pauls College, Kolkata , CMS High School, Burdwan.




Comments

Contact Us

Name

Email *

Message *