Home Ads

Friday, January 15, 2016

আমি তো লেজেন্ড, আর একটু সম্মান কি প্রাপ্য নয় আমার, বললেন র‍্যান্টি

অভিষেক সেনগুপ্ত

বহু দূর থেকে ভেসে আসছে ধিক্কার মেশানো কিছু কথা, ‘পারবেন, ভারতীয় ফুটবলে আর একটা র‍্যান্টি মার্টিন্স কখনও খুঁজে বের করতে?’
মাস খানেক আগেও ওই গলায় ছিল যন্ত্রণা। বিষাদ। তাঁর চার দিকে তখন উড়ে বেড়াচ্ছে নানা কথা। ক্লাব হয়তো রিলিজ করে দেবে…। চোট লুকিয়ে খেলছেন…। তিনি এখন শুধুই অতীতের ছায়া…!


এই যাঁকে নিয়ে এত কথা, অন্ধকার কাটিয়ে তিনি আবার আলোয়।
প্রথম ম্যাচের সেরার পিছনে যখন ছুটছে প্রচার মাধ্যম, র‍্যান্টি মার্টিন্স গুটিয়ে নিয়েছেন নিজেকে। তীব্র অভিমানী। ভীষণ ভাবে আবেগতাড়িত। স্পোর্টিং ম্যাচের দিন তিনেক পর র‍্যান্টি অনেকটা স্বাভাবিক। মারগাও থেকে বলে দিলেন, ‘আরও সম্মান প্রাপ্য ছিল আমার। সেটা পেলাম না। ভীষণ খারাপ লাগছে এটা ভাবলে।’ পরক্ষণেই ঝঙ্কার দিয়ে উঠলেন, ‘আমি তো লেজেন্ড। এটা লোকে ভুলে গেল কী করে? ভারতীয় ফুটবলে এত গোল আর কার আছে? সামান্য সম্মান কি আমার প্রাপ্য নয়?’

কলকাতাতে পা দিয়েই দং হিউন দো দারুণ সফল। একের পর এক গোল করে জেতাচ্ছেন ইস্টবেঙ্গলকে। র‍্যান্টি মার্টিন্সকে ঘিরে তখন থেকেই বিতর্ক। এতটাই চাপে পড়ে যান নাইজিরিয়ান স্ট্রাইকার যে, টিমের সঙ্গে দূরত্ব তৈরি হয়। যিনি চিরকাল মেনে চলেছেন শৃঙ্খলা, সেই তিনিই অনিয়মিত হয়ে যান প্র্যাক্টিসে। ওই দিনগুলো এখন ভুলতে চাইছেন র‍্যান্টি। প্রসঙ্গ উঠতেই বলে দিলেন, ‘সবার জীবনে খারাপ সময় যায়। এটাই নিয়ম। খারাপ সময়ের মধ্যে দিয়ে যখন যাচ্ছিলাম, জানতাম কেটে যাবে। তাই বাইরের কথায় কান দিতাম না। নিজেকে তৈরি করার চেষ্টা করতাম। বরাবর মাঠে কঠিন পরিশ্রম করেছি। তখনও ডুব দিয়েছিলাম প্র্যাক্টিসেই। ঈশ্বর আমার পাশে থেকেছেন ওই সময়।’

শুধু কি সমর্থকরা, কোচ-কর্তাদেরও খারাপ সময় পাশে পাননি র‍্যান্টি। কোচ বিশ্বজিৎ ভট্টচার্য সন্তুষ্ট ছিলেন না পারফরম্যান্সে। ক্লাবের অনেকেই নেমে পড়েছিলেন বিকল্পের খোঁজে। সেই তাঁরাই এখন মুখ লোকাচ্ছেন। বদলাচ্ছেন সুর।
বিশ্বজিতের প্রশংসা কানে গিয়েছে র‍্যান্টির। যা নিয়ে আই লিগের ইতিহাসে সবচেয়ে বেশি গোলের মালিক র‍্যান্টি ছোট্ট কথায় বললেন, ‘কোচ আমাকে চিনতেন না। তাই হয়তো ভরসা রাখতে পারেননি।’

কোচ বলছেন, র‍্যান্টি বদলে বদলে গিয়েছেন অনেকটাই। সত্যিই কি তা-ই? র‍্যান্টি বলে দিলেন, ‘আমি পুরোনো র‍্যান্টিই রয়েছি।’ আই লিগের মঞ্চেই নিজেকে মেলে ধরতে চেয়েছিলেন। ‘আই লিগটাই সেরা জায়গা। ভারতের সেরা টুর্নামেন্ট। এখানে সফল হলে তবে লোক আপনাকে মেনে নেবে প্লেয়ার হিসেবে। আমি তাই আই লিগের জন্য অপেক্ষা করছিলাম।’

স্পোর্টিংয়ের বিরুদ্ধে করা জোড়া গোলের কোনটা তৃপ্তি দিয়েছে? আত্মবিশ্বাসী র‍্যান্টি বললেন, ‘যে কোনও গোলই তৃপ্তি দেয়। দুটোই সমান। তবে তৃপ্তির কথা যদি বলেন, বলব বিকাশ জাইরুকে দিয়ে করানো গোলটার কথা। ওই ম্যাচে যাই হোক না কেন, আমার পা থেকেই হয়েছে।’ পরক্ষণেই আবার সংযোজন, ‘বল পেলে আরও গোল করতে পারি। আমি গোলের জন্যই মুখিয়ে রয়েছি।’


সব বিতর্ক সরিয়ে গত বারের টপ স্কোরার এ বারও সোনার বুটের দিকে তাকিয়ে! 

1 comment:

Know more about

AbhishekSengupta

journalist at Bennett, Coleman and Co. Ltd. (Times Group), Principal Correspondent at Ei Samay, Times Of India Group Education St. Pauls College, Kolkata , CMS High School, Burdwan.




Comments

Contact Us

Name

Email *

Message *