অভিষেক সেনগুপ্ত
সেই একই রকম অপ্রতিরোধ্য দেখাচ্ছে ব্রজিলিয়ানকে। ওয়ান টু
ওয়ান ডজ দিয়ে বেরিয়ে যাওয়া আজও কঠিন। প্রসঙ্গ তুলতেই দিলদরিয়া হাসি। বলে দেন,
‘অভিজ্ঞতা ঝকঝকে করে। ভুল কমায়।’
ট্রেনিং শেষে ঘণ্টা খানেকের স্ট্রেচিং পর্ব এখনও বরাদ্দ
রেখেছেন। ৩৭ বছরেও ফিটনেসের রহস্য হয়তো ওটাই। তাঁর বয়সী অনেকেই হারিয়ে ফেলেছেন
ফুটবল মহিমা। অথচ এই আইএসএলে তিনি দাপিয়ে বেড়াচ্ছেন। প্রশ্ন উঠলে গম্ভীর গলায়
ঝঙ্কার দিয়ে ওঠেন, ‘টিম নিয়ে কথা বলুন। আমি টিমের অংশ। উর্দ্ধে নই।’
![]() |
| এক ভক্তকে অটোগ্রফা দিচ্ছেন লুসিও। পাশে লুসিয়ানো |
আপাদমস্তক ঘামে ভেজা শরীরটা এলিয়ে দিলেন সাইড লাইনের
ধারের বেঞ্চে। একটু বিশ্রাম নেবেন কি, ঝাঁপিয়ে পড়ল সই শিকারির দল। কচিকাঁচা থেকে
আধবয়সী, প্রবীণা--- বাদ নেই কেউই। ছ’ফুট চার ইঞ্চির ধপধপে ফরসা ফুটবলার এত কিছুর
মাঝেও আপাত গম্ভীর। মনে হবে ট্রফি জয়ের ভাবনা শুরু করে দিয়েছেন এখন থেকেই।
জিকোর যদি চিন্তা হয় মার্কো মাতেরাজ্জির ইতালিয়ান ডিফেন্স।
তবে স্টিভেন মেন্দোসা, জেজে লালপেখলুয়াদের নিয়ে প্রবল দুর্ভাবনায় লুসিমার ফেরেইরা
দ্য সিলভা। বিশ্ব ফুটবল যাঁকে ডাকে লুসিও নামে।
অল্প কথার মানুষ। ইংরেজি জানেন না। মিডিয়া থেকে দূরে
থাকতে ভালোবাসেন। কিন্তু সতেরো বছরের কেরিয়ারে সাফল্যের জোয়ার। ব্রাজিলের হয়ে
১০৫টা ম্যাচ খেলার অভিজ্ঞতা। যার মধ্যে ২০০২ সালের বিশ্বকাপ জয়। দুটো কনফেডারেশন্স
কাপ। ইন্তার মিলানের হয়ে দুটো চ্যাম্পিয়ন্স লিগ।
![]() |
| একাকী নিমগ্ন লুসিও |
এ বারের ব্যালন ডি’ওর কার হাতে দেখতে চান? ব্রাজিলের
প্রাক্তন অধিনায়ক সরাসরি জানিয়ে দিলেন ক্রিস্তিয়ানো রোনাল্দোর নাম। কেন? লুসিওর
ব্যাখ্যা, ‘আমি তো ব্রাজিলের ক্যাপ্টেন ছিলাম। নিজের দেশের প্লেয়ারকে ভোট দিতে
পারি না। আমার পছন্দ রোনাল্দো। গত মরসুমটা ওর খারাপ যায়নি। বেশ ভালো।’
মেসি নয় কেন? ‘মেসির সাফল্য হয়তো অনেক বেশি। কিন্তু
রোনাল্দো ধারেকাছেই থাকবে মেসির। ওর খেলা দেখতে ভালো লাগে।’ একটু থেমে আবার দাঁড়িয়ে
পড়লেন দেশোয়ালি ভাইয়ের পাশে। বলে দিলেন, ‘নেইমার কিন্তু বার্সার হয়ে চমৎকার খেলছে।
ও এখন অনেক পরিণত।’
তিন মাসের লিগে ১৬টা ম্যাচ খেলেছেন। এই সময়টুকুর মধ্যে
বুঝে নিয়েছেন ভারতীয় ফুটবল। ঘরোয়া ফুটবল নিয়ে তেমন ধারণা না থাকলেও আইএসএল কিছুটা
হলেও মুগ্ধ করেছে লুসিওকে। ‘প্রচুর লোক। হইচই ব্যাপার। কিন্তু ভারতীয় ফুটবলের
উন্নতির কথা যদি বলেন, তা হলে তাকাতে হবে তৃণমূলস্তরের দিকে। সেটা কী হয় ভারতে?’
ব্রাজিলের সূর্য ক্রমশ অস্ত যাচ্ছে বিশ্ব ফুটবলে। সেই
সোনালি দি কেন হারিয়ে যাচ্ছে? লুসিও নিজেও যেন শঙ্কিত দেশীয় ফুটবল নিয়ে। রাখঢাক না
করেই বলেন, ‘যে দেশের ফুটবল সংস্থায় অতিরিক্ত রাজনীতি থাকে, তারা ধীরে ধীরে হারিয়ে
যায়। ব্রাজিলের ক্ষেত্রেও তাই হচ্ছে। কর্তারা ফুটবলটা ভুলে গিয়ে রাজনীতি করতে
ব্যস্ত।’
ভারতীয় খাবার খুব একটা খারাপ লাগে না। কিন্তু মশলা আর
ঝালের জন্য সে ভাবে খেতে চান না। সারা দেশ আইএসএলের সৌজন্যে চষে ফেললেও ভারত বলতে
গোয়াকেই চেনেন লুসিও। টিমমেট আর এক ব্রাজিলিয়ান ডিফেন্ডার লুসিয়ানো সাব্রোসার
মাধ্যমে বললেন, ‘অনেক জায়গায় গেলাম। কিন্তু কোথাও-ই ঘোরা হল না। চিনব কী করে
বলুন?’
রোমিও ফার্নান্ডেজ, মন্দাররাও দেশাই, প্রণয় হালদারদের
মতো ফুটবলারদের মনে ধরেছে তাঁর। কিন্তু আইএসএলের পর এঁদের ভবিষ্যৎ কী হবে, তা নিয়ে
তাঁকে অনেক বেশি চিন্তিত দেখাল লুসিওকে। ‘আইএসএলে রোমিও, মন্দার, প্রণয়দের মতো
অনেক নতুন মুখ দেখলাম। যারা ফুটবলটা বেশ ভালো খেলে। কিন্তু আইএসএলের পর এদেরকে
যাতে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায়, তার দায়িত্ব কিন্তু নিতে হবে। না হলে রোমিওরা
দ্রুত হারিয়ে যাবে।’
লুসিও যেন টিমের বড় দাদার মতো। ছোটদের আগলে রাখার সঙ্গে
সাফল্যের দিকে এক পা বাড়িয়েও রেখেছেন। ব্রাজিলিয়ান শুধু বললেন, ‘সিনিয়রদের
দায়িত্বই হল জুনিয়রদের পথ দেখানো। আমি সেটা দেখানোর চেষ্টা করছি।’ একটু থেমে
সংযোজন, ‘আসলে কী জানেন, টিম হয়ে ওঠাটাই আমাদের সাফল্যের আসল কারণ। রবিবার আর এক
বার টিমগেমটা চাই।’



No comments:
Post a Comment