Home Ads

Monday, December 14, 2015

মৌওরিনিওর মতো টম ক্রুজ খুঁজে বেড়াচ্ছেন আবাস

অভিষেক সেনগুপ্ত

খোসে মৌউরিনিওর মতো তিনিও বলতে পারে, ‘আমার একটা টম ক্রুজ দরকার!’

ইংলিশ প্রিমিয়ার লিগে হারতে হারতে যখন লিগ টেবলের তলানিতে, চেলসি উদাসীন গলায় বলেছিলেন, ‘টিমে টম ক্রুজের মতো কেউ থাকলে আমি ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয়ে যেতাম।’

রবি দুপুরে আন্তোনিও আবাসকে চেলসি কোচের মতোই দেখাচ্ছিল। বিধ্বস্ত। দিগভ্রান্ত। চেন্নাইয়ের কাছে ০-৩ হারের ধাক্কায় শেষ চারে থেমে যেতে বসেছে চ্যাম্পিয়ন আতলেতিকোর এ বারের আইএসএল যাত্রা। ফাইনালে যাওয়াটা আবাসের টিমের কাছে ‘মিশন ইম্পসিবল’ বলেই মনে হচ্ছে!


সেনাপতি পাপটের পাঁচতারা হোটেলের রুম থেকে দুপুরে লাঞ্চের জন্য লবিতে যখন নামলেন স্প‌্যানিশ কোচ, মুখোমুখি চেনা সাংবাদিক। তাঁর হেলদোল নেই। মাথা নীচু করে সোজা চলে গেলেন লাঞ্চ টেবলের দিকে। মুখে কোনও কথা নেই। আগের রাতে হারের পর চরম ক্ষোভে ফেটে পড়লেও ফুটবলারদের সঙ্গে কোনও কথাই বলেননি। এ দিন দুপুরে লাঞ্চ সেরে হোটেলের রুনে ফেরার পথে আবাস বললেন, ‘এই রেজাল্ট শুধু টিমের খারাপ খেলার জন্য নয়, বাইরের অনেক কিছু জড়িয়ে রয়েছে এর সঙ্গে।’

মাঠের বাইরের কোন ঘটনার দিকে ইঙ্গিত কলকাতা কোচের? আই লিগ ক্লাবগুলোর ফুটবলারদের নিয়ে টানাটানি। এ দিনও দেখা গেল অমিরন্দর সিংয়ের সঙ্গে আলাদা করে কথা বলছেন বেঙ্গালুরু এফসির এক কর্মকর্তা। একই সঙ্গে সেমিফাইনালে উঠে পড়ায় অনেকখানিই গা ছাড়া মনোভাব দেখা দিয়েছিল টিমে। যার ফল ভুগতে হয়েছে লিগের শেষ ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে। তার পর পুনের মাঠে চেন্নাই।


স্টিভেন মেন্দোসার টিমের কাছে ০-৩ হারের ময়নাতদন্তে উঠে আসছে ডিফেন্ডারদের ভুল। দুই সাইডব্যাক সহ দুই স্টপার--- কেউই সে ভাবে খেলতে পারেননি। বিশেষ করে বার বার কলকাতার ডিফেন্সে তৈরি হয়েছিল ফাঁকা জমি। যা কাজে লাগিয়ে গিয়েছে কলকাতা। বাঙালি স্টপার অর্ণব মণ্ডল রবিবার দুপুরে বললেন, ‘এক-একটা দিন এই রকমই যায়। কিছুই ঠিক করতে পারিনি আমরা।’ রিনো অ্যান্টো বলে গেলেন, ‘চেন্নাইয়ের ক্রমাগত আক্রমণের সঙ্গে তামমেলাতে পারছিলাম না। হারের পর নিজেদেরই খারাপ লাগছিল। এখন একটাই কথা ভাবছি, কী করে এখান থেকে বেরিয়ে আসা যায়।’

পুনের মাঠে পুনে সিটি অধিকাংশ ম্যাচে জিতেছিল। কিন্তু বাইরের মাঠে চরম ব্যর্থতায় ভরাডুবি হয়েছিল ডেভিড প্ল্যাটের টিমের। তার একটাই কারণ ছিল, বালেওয়াড়ির ছোট মাঠ দারুণ ভাবে কাজে লাগিয়ে ছিল পুনে। দ্রুত আক্রমণে এসে প্রতিপক্ষকে চমকে দেওয়ার স্ট্র্যাটেজি। শিনবার কলকাতার বিরুদ্ধে চেন্নাইও তা-ই করেছে।
পুনেতে ০-৩ হারের জ্বালা ভুলে দ্রুত লড়াইয়ে ফেরার রাস্তা খুঁজছেন কলকাতা কোচ। ফাইনালের রাস্তা যতই কঠিন দেখাক, আবাস হাল ছাড়ছেন না। ঘরের মাঠে চার গোলে জেতা সম্ভব? মুম্বই ও গোয়া ম্যাচের উদাহরণ তুলে ধরছেন কলকাতার ফুটবলাররা। দিল্লির কাছে ঘরের মাঠে হারের পর লিগের ম্যাচে মুম্বইয়ে গিয়ে নিকোলাস আনেলকার টিমকে ৪-০ হারিয়েছিল কলকাতা। তার পর ঘরের মাঠে গোয়াকে ৪-১ হারানো।


ইয়ান হিউম বলছিলেন, ‘ফুটবলে শেষ বলে কিছু নেই। আমাদের ফাইনালে যাওয়ার রাস্তা এখনও খোলা।’ কী ভাবে, তার ব্যাখ‌্যাও দিচ্ছেন। ‘গত বার আমি কেরালাতে ছিলাম। চেন্নাইকে ওদের ঘরের মাঠে ৩-০ হারানোর পর আমরা ঘরের মাঠে ফিরতি ম্যাচটাতে তিন গোল হজম করেছিলাম। অতিরিক্ত সময়ের ১১৭ মিনিটে গোল করে ফাইনালে উঠেছিলাম।’

অর্ণবের মতো কেউ কেউ আবার বাস্তবের মাটিতে পা রেখে সত্যিটা কবুল করে নিচ্ছেন। ‘যে দুটো ম্যাচে চার গোলে জিতেছিলাম আমরা, সেই দুটো কিন্তু গ্রুপ লিগের ম্যাচ ছিল। সেমিফাইনালের মতো চাপ ছিল না।’

গোলের খোঁজে এখনই নেমে পড়া কলকাতা আবার অন্য সমস্যার মুখে। বোর্খা ফেন্রান্দেসকে ফিরতি সেমিফাইনালে আদৌ পাওয়া যাবে কিনা, তা নিয়ে যথেষ্ট সংশয় দেখা দিয়েছে। আগের দিন ৪১ মিনিটে স্প্যানিশ মিডিও চোট নিয়ে বেরিয়ে যাওয়ার পরই ম্যাচ থেকে হারিয়ে যায় কলকাতা। এ দিন আবার দেখা গেল, ডান পায়ের থাইয়ে আইসপ্যাক লাগিয়ে ঘুরে বেড়াচ্ছেন। হাঁটছেন সামান্য খুঁড়িয়ে। কী অবস্থা আপনার? বোর্খা বললেন, ‘কলকাতার ফিরে বলতে পারব।’

চেন্নাইকে চার গোলে হারানোর স্বপ্ন যতই দেখুক কলকাতা, গোল করার লোক খুঁজে পাচ্ছে না আতলেতি। হিউম গম্ভীর গলায় বলে গেলেন, ‘গোল করার লোক আছে কলকাতার।’


ইয়ান হিউম কি হতে পারবেন আবাসের টম ক্রুজ?

No comments:

Post a Comment

Know more about

AbhishekSengupta

journalist at Bennett, Coleman and Co. Ltd. (Times Group), Principal Correspondent at Ei Samay, Times Of India Group Education St. Pauls College, Kolkata , CMS High School, Burdwan.




Comments

Contact Us

Name

Email *

Message *