Home Ads

Friday, December 11, 2015

ছকের কেন্দ্রে হিউম ও মেন্দোসা

অভিষেক সেনগুপ্ত

দুর্গাপুজোয় কখনও পা দিয়েছেন পুনেতে?

রোহি ভিলা। কোরেগাও পার্ক। খর্কি কালিবাড়ি। কল্যাণী নগরে রীতিমতো উ‌ৎসব হয় দুর্গাপুজোর চার দিন। হঠাৎ দেখলে ম্যাডক্স স্কোয়‌্যার, শ্রীভূমি কিংবা সুরুচি সঙ্ঘ বলে মনে হতে পারে! সব পুজো মণ্ডপে প্রবাসী বাঙালিদের উপচে পড়া ভিড় থাকে ওই সময়।

শনিবার সন্ধেয় ছত্রপতি শিবাজি স্টেডিয়ামে কি আর একটা অকাল-নবমী নামতে পারে? কলকাতার জন্য?


তখনও মাথার উপর নরম সূর্য। বিকেল দাঁড়িয়ে দিনের প্রান্তিক স্টেশনে। লম্বা চেহারার বিদেশি ভদ্রলোক হনহন করে হেঁটে যাচ্ছেন মাঠে। এক হাতে নোটবুক। অন্য হাতে বাঁশি। দেখে মনে হল যেন হল্লা চলেছে যুদ্ধে!
ইনি বাস্তুহারা এক ইতালিয়ান কোচ, মার্কো মাতেরাজ্জি!

সেন্ট্রাল লাইনের এক কোণে বলের উপর বসে রয়েছেন চেন্নাই কোচ। দু’হাত বুকের কাছের জড়ো। বহু দূর থেকেও ধরা পড়ছে তাঁর মুখের রামধনু। বিরক্তি। সন্তুষ্টি। গাম্ভীর্য।

মাঠে চক্রাকারে ছুটে বেড়াচ্ছেন কলম্বিয়ান ফুটবলার। সাদা টি-শার্ট পরা বিদেশির দিকে কড়া নজর কোচের। হঠাৎ-ই হাত নেড়ে বিদেশি ফুটবলারকে ডাকলেন কোচ। মনোযোগী ছাত্রের মতো কোচের নির্দেশ শুনলেন মাথা নীচু করে।

ইনি স্টিফেম মেন্দোসা। মার্কো মাতেরাজ্জির শেষ বাজি।

কার্ডের কোপে এলানো ব্লুমার নেই। চোটে ছিটকে গিয়েছেন চেন্নাইয়ের সেরা মিডফিল্ডার রাফায়েল অগাস্তো। কোরিন্থিয়ান্স থেকে লিয়েনে আসা ফুটবলার মেন্দোসার দিকে তাকিয়ে চেন্নাই। গত বার লিগ টেবলের শীর্ষে থেকে সেমিফাইনালে। শেষ পর্যন্ত হার। এ বার চার নম্বর হয়ে শেষ চারে। মেন্দোসা কি পারবেন চেন্নাইয়ের তরী ভাসিয়ে রাখতে?


ছোট্ট একটা বৃত্তে দাঁড়িয়ে অনেক ফুটবলার। বল চোর মহম্মদ রফিক। চুপিসাড়ে তাঁর ঠিক পিছনে গিয়ে হাঁটু মুড়ে বসে পড়লেন ইয়ান হিউম। রফিক এক পা পিছোতে গিয়ে ধপাস! স্কটিশ ফুটবলার তখন মন খুলে হাসছেন। হাসছেন রফিকও।

মিনিট দশেক পরে এই হিউমকে চেনাই যাবে না। হলদে রংয়ের বিপ পরে তিনি ছুটবেন প্রতিটা বলের জন্য। নাতো, তিরিদের ডজ করে ঢুকে পড়বেন বারবার। গোলের নেশায়। মাঠের ঠিক বাইরে দাঁড়িয়ে থাকা কলকাতা কোচ তখন মাথা নাড়িয়ে প্রকাশ করবেন নিজের সন্তুষ্টি। আইএসএলে হিউমের অ্যাকাউন্টে ১০ গোল। তাঁকে বলা হচ্ছে, সুপার লিগের অন্য সেরা বিদেশি। যিনি টিমম্যান। বলের জন্য অপেক্ষা করেন না। নীচে নেমে এসে বল জোগাড় করে নেন। গোলের মোহে এই তিনিই আবার স্বার্থপর নন।

চেন্নাই বনাম কলকাতা যদি হয়, তা হলে ১১ বনাম ১০ এর ম্যাচও। হিউম বনাম মেন্দোসা!

হিউমের লড়াই মেন্দোসাকে ছাপিয়ে যাওয়ার। কলকাতাকে জয়ে ফেরানোর। মেন্দোসার, চেন্নাইয়ের গত বার ফাইনালে না পৌঁছতে পারার আক্ষেপ মেটানো।

হিউম বনাম মেন্দোসায় সায় নেই দুই কোচের। মার্কো মাতেরাজ্জি বলে দিলেন, ‘এটা দুই টিমের খেলা। ব্যক্তিগত ডুয়েলের কোনও জায়গা নেই। ওদের টিমে বোর্খাও তো অনেক গোল করেছে। আমার যেমন জেজে।’ কিছু পরে একই সুরে আন্তোনিও আবাসও বলেন, ‘ওদের দু‘জনকে লড়িয়ে দিচ্ছেন কেন? এটা তো কলকাতা আর চেন্নাইয়ের ম্যাচ!’

দুই বঙ্গসন্তান বিকেল থেকে বসে বালেওয়াড়ি স্টেডিয়ামের গ্যালারিতে। আদতে লাল-হলুদ ভক্ত। কিন্তু এখন মুখে কলকাতা এবং হিউম বনাম মেন্দোসা। অভীক সরকার বলছিলেন, ‘চেন্নাই টিমটা ভালো কোনও সন্দেহ নেই। কিন্তু মেন্দোসাকে আটকে দিলে ওরা চাপে পড়ে যাবে।’ পাশে বসে থাকা নবারুণ দাস বলে দিলেন, ‘ম্যাচটা আসলে কলকাতা ডিফেন্স বনাম চেন্নাইয়ের আক্রমণ। হিউম তো গোলের মধ্যেই রয়েছে।’

মুম্বই হাইওয়ের ধারে পুনের নতুন গজিয়ে ওঠা শহর রাজারহাটের মতো। একের পর এক টাউনশিপ তৈরি হচ্ছে। কিন্তু জনমানব শূন্য। মজার কথা, এই টাউনশিপ প্রজেক্ট তৈরি হচ্ছে সত্তর ভাগ বাঙালি ব্যবসায়ীদের অর্থে। বলা হচ্ছে, নতুন পুনে ছড়াবে এই দিকেই। হাইওয়ের আর পুরোনো পুনের ঠিক সংযোগস্থলে বালেওয়াড়ি স্টেডিয়াম। শুক্র-সন্ধেতেও শুনশান স্টেডিয়ামের সামনের রাস্তা। ন‘হাজার গ্যালারি ভরবে তো? আয়োজকদের এক জন বললেন, ‘পুনের ম্যাচে কিন্তু ফাঁকা থাকেনি। এটা তো আরও বড় ম্যাচ।’

শনিবার কী হবে, অনেক পরের কথা। চব্বিশ ঘণ্টা আগের আতলেতি কিন্তু খোশমেজাজে। কোচ খুনসুটি করছেন ফুটবলারদের সঙ্গে। ফুটবলাররা একে অপরের সঙ্গে। কর্তারাও সামিল তাতে। এ কি ঝড়ের পূর্বাভাস? আবার দুর্যোগের মুখে পড়তে চলেছে চেন্নাই?

হিউম বনাম মেন্দোসার ছায়া থেকে বেরিয়ে আসতে পারেন এক অতি পরিচিত মুখ। কলকাতার প্রাক্তন ফিকরু তেফেরা। দুই বিদেশি না থাকায় তাঁকেই শুরু থেকে খেলানোর কথা ভাবছেন মাতেরাজ্জি।

কলকাতা ছেড়ে আসার পর ফিকরু হারিয়েই গিয়েছেন কার্যত। এই আইএসএলে নিয়মিত খেললেও গোল দেখা যায়নি তাঁর পায়ে। ন’ম্যাচে ভাঁড়ার শূন্য। এই ফিকরু কি ‘বদলা’র ম্যাচে জ্বলে উঠবেন?

একা ফিকরু কেন, এদেল বেটেও সেই তালিকায়। চেন্নাইয়ের কিপারকে নিয়ে আবাস তো বলেই গেলেন, ‘ও ভালো কিপার। আমার ভালো বন্ধুও। তবে দুঃখ একটাই, ওর বিরুদ্ধেই গোলটা করতে হবে আমাদের।’ 

আবাসের নিছক রসিকতা জবাব কি দেবেন কলকাতার ‘বাতিল’রা?

No comments:

Post a Comment

Know more about

AbhishekSengupta

journalist at Bennett, Coleman and Co. Ltd. (Times Group), Principal Correspondent at Ei Samay, Times Of India Group Education St. Pauls College, Kolkata , CMS High School, Burdwan.




Comments

Contact Us

Name

Email *

Message *