Home Ads

Sunday, November 29, 2015

আমি যেন হ্যারি কেনের মতো, বলছেন হিউম

অভিষেক সেনগুপ্ত

আপনার হাতে ওটা কী?

হাসতে হাসতে তিনি বললেন, ‘গিফট কিনতে গিয়েছিলাম বন্ধুর জন্য। আরে ভাই, বন্ধুর বিয়েতে গেলে উপহার কিছু দিতে হয় তো!’

বক্তার নাম ইয়ান হিউম। আগামী তিন দিনের জন্য যাঁর ঠিকানা কোচি। মুম্বই ম্যাচের আগে তিন দিনের জন্য ছুটি দেওয়া হয়েছে ফুটবলারদের। বোর্খা, গাবিলানরা গেলেন আন্দামান। সামনের তিন দিন হিউম মেতে থাকবেন ঘনিষ্ঠ এক ভারতীয় বন্ধুর বিয়েতে।
গায়ে তখনও আতলেতির সাদা-লাল জার্সি। তখন রয়ে গিয়েছে পুনে সিটির বিরুদ্ধে পাওয়া সাফল্যের কিছু অণু-পরমাণু। যখন হাসছেন, ঝলমল করছেন।

মাঠের বাইরে অন্য হিউম। নবির সঙ্গে

হোটেলের লবিতে দাঁড়িয়ে থাকা হিউমকে ঘিরে থিকথিকে ভিড়। কেউ বাড়িয়ে দিচ্ছেন শুভেচ্ছার হাত। কেউ অটোগ্রাফের খাতা। ছবি তোলার আব্দার। আইএসএলের দ্বিতীয় হ্যাটট্রিকটা কি আপনাকে সুপারস্টার বানিয়ে দিল? একান্ত সাক্ষাৎকারে প্রশ্ন শুনে হেসে ফেললেন স্কটিশজাত ফুটবলার। ‘ভুল বলেননি। যেখানে যাচ্ছি লোকে হ্যাটট্রিকের কথা বলছে।’ একটু থেমে সংযোজন, ‘আমি কিন্তু সবটা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছি। অনেক জায়গায় খেলেছি, কিন্তু কলকাতার মতো পাগলামি আর কোথাও দেখিনি।’

শনিবার দুপুরের পর নভোটেলের লবি যেন এডিকের ‘আড্ডাঘর’। রহিম নবি, মোহনরাজ, অর্ণব মণ্ডলের সঙ্গে পুনে সিটির প্রীতম কোটাল, অরিন্দম ভট্টাচার্যরা। মধ্যমণি হিউম। আড্ডার মেজাজে থাকা বিদেশিকে দেখলে কে বলবে, ঘণ্টা খানেক পরেই উড়ে যাবেন কোচি। নবির ছেলেকে হামাগুড়ি দিচ্ছেন। খুনসুটি করছেন বন্ধুদের সঙ্গে।
হিউমকে দেখিয়ে তখনই পুনের প্রীতম বললেন, ‘এই ছেলেটার কাছেই হেরে গেলাম আমরা। দুর্দান্ত প্লেয়ার। আইএসএলের সেরা বিদেশি। ওর মতো ওয়ার্ক লোড আর কেউ নেয় না। সারা মাঠে ছুটে বেড়ায়।’


কয়েক ম্যাচের আগের হিউম আর এই হিউমের অনেক তফাত। কয়েক ম্যাচ আগেও তাঁকে নিয়ে কম প্রশ্ন ছিল না। মুম্বই ম্যাচে হ্যাটট্রিকটার পর বদলে গিয়েছেন হিউম। শনিবার বিকেলে রাজারহাটের হোটেলে বসে বলে দিলেন, ‘সিজনের শুরুর দিকে টটেনহ্যামের হ্যারি কেনের কী হাল হয়েছিল বলুন তো? ১১-১২ ম্যাচে গোল ছিল না ওর। এখন দেখুন, প্রতি ম্যাচে কেমন গোল পাচ্ছে। আমার ব্যাপারটাও হ্যারি কেনের মতো।’ একটু থেমে ফের জুড়লেন, ‘স্ট্রাইকারের জীবনে এটা হয়। সাময়িক খারাপ সময় পার করে গোলে ফিরেছি।’

ভাইচুং ভুটিয়ার পুরোনো টিম বারি এফসি থেকে উত্থান। সেই ভাইচুং এখন টিমের পরামর্শদাতা। ভাইচুংকে সেই সময় দেখেননি হিউম। ‘যে বছর আমি বারি এফসিতে যোগ দিই, তার আগেই ও ক্লাব ছেড়ে দেয়।’ হ্যারি কেনের মতোই ইপিএলে হিউমের পছন্দের ফুটবলার জ্যামি ভার্ডি। ‘আমার পুরোনো ক্লাব লেস্টার সিটির হয়ে জ্যামি সদ্য টানা গোল করার রেকর্ড করেছে। ও অসাধারণ। আমার খুব পছন্দের।’


আপাতত ৯ গোল করে ফেলেছেন আইএসএলে। হাতে আরও তিনটে ম্যাচ অন্তত পাবেন। কত গোল আর চান? হিউম বললেন, ‘ছোট ছোট লক্ষ্য সামনে রেখে এগোই। ৮ গোলের লক্ষ্য রেখেছিলাম সামনে। সেটা পূরণ হয়ে গিয়েছে। যত বেশি সম্ভব গোল করতে পারি, তার চেষ্টা করব।’ পরক্ষণেই আবার জুড়ে দিলেন, ‘দুটো হ্যাটট্রিক করে ফেলেছি ঠিকই, তবে আমার মনে হয় এখনও সেরা সময়ে পা দিইনি। সেটা এসে যাবে বলে মনে হচ্ছে।’


গত বার আইএসএল ফাইনালে কলকাতার কাছেই হারতে হয়েছিল। এ বার সেই আক্ষেপ মিটিয়ে নিতে চান। কোচির বিমান ধরতে যাওয়ার আগে জানিয়ে গেলেন তাঁর অধরা স্বপ্নের কথা। ‘ফাইনালে হারার পর খুব খারাপ লেগেছিল। টিম না জিতলে কোনও গুরুত্ব থাকে না। এ বার সেই আক্ষেপটা মেটাতে চাই।’ 

Know more about

AbhishekSengupta

journalist at Bennett, Coleman and Co. Ltd. (Times Group), Principal Correspondent at Ei Samay, Times Of India Group Education St. Pauls College, Kolkata , CMS High School, Burdwan.




Comments

Contact Us

Name

Email *

Message *