Home Ads

Wednesday, November 18, 2015

আমার টিমে ‘আমি’র কোনও জায়গা নেই, বলছেন মনোজ

অভিষেক সেনগুপ্ত

তাঁর হাতে পড়ে অনেক দিন পর বাংলা ক্রিকেটে সবুজের সমারোহ। হারতে হারতে কোণঠাসা হয়ে যাওয়া। বিতর্কে জেরবার। কিংবা এলিট থেকে প্লেটে নেমে যাওয়ার যে আতঙ্ক তাড়া করে বেড়াত এত দিন, উধাও হয়ে গিয়েছে সে সব।

৬ ম্যাচ খেলে ১৯ পয়েন্ট। হাতে দুই ম্যাচ। গ্রুপ টেবলে পাঁচ নম্বরে। তবু আত্মবিশ্বাস ভরপুর। এতটাই যে, বাকি দুই ম্যাচে সরাসরি জয়ের স্বপ্ন দেখছে বাংলা। ভারতীয় ক্রিকেট মানচিত্রে নতুন করে বাংলার উত্থান কী করে হল? ব্যাখ্যা দিলেন অধিনায়ক মনোজ তিওয়ারি।

স্বপ্ন ছোঁয়ার পথে মনোজ তিওয়ারি

প্রশ্ন‌: তারুণ্যই কি সাফল্যের চাবিকাঠি?
মনোজ‌: তারুণ্য একটা ফ্যাক্টর। টিমের সাকসেসের কারণ, একটা নির্দিষ্ট পথে হাঁটা। সাফল্য পেতে হলে অনেক আগে থেকে পরিকল্পনা তৈরি করতে হয়। সেটা করেছি আমরা। কোচ সাইরাজ বাহুতুলে, বোলিং কোচ রণদেব বসু, টিমের সাপোর্ট স্টাফ, ক্রিকেটাররা মিলে একটা টিম হয়ে ওঠার চেষ্টা করেছি শুরু থেকে। যার প্রতিফলন মাঠে দেখতে পাওয়া যাচ্ছে।

প্রশ্ন‌: এক ঝাঁক নতুন মুখ। যাঁদের অনেকেই এই মরসুমে প্রথম বার খেলছেন। ক্যাপ্টেন হিসেবে নতুন একটা টিম নিয়ে শুরুতে সমস্যা হয়নি?
মনোজ‌: ক্যাপ্টেন্সি আমার কাছে নতুন নয়। এর আগেও বাংলার ক্যাপ্টেন্সি করেছি। অনূর্ধ্ব ১৯ ভারতীয় দলের অধিনায়কত্ব করেছি। ‘এ’ টিমের ক্যাপ্টেন হয়েছি। সব ক্ষেত্রই নেতৃত্ব দেওয়ার সময় আমি একটা থিওরি মেনে চলি, টিমের জন্য খেলো। একটা ইউনিট হয়ে মাঠে নামো। সাফল্য এমনিতেই আসবে। আমার টিমে ‘আমি’ কোনও জায়গা নেই। এ বারও বাংলার ক্ষেত্রে একই থিওরি মেনে এগোচ্ছি।

প্রশ্ন‌: ১১ বছর রঞ্জি খেলছেন। অনেক সাফল্য পেয়েছেন। এই মরসুমকে কোথায় রাখবেন?
মনোজ‌: ২০০৬-০৭ ও ২০০৭-০৮ মরসুমে পর পর দু’বার রঞ্জি ফাইনাল খেলেছিলাম আমরা। ওই দুটো বছরের সঙ্গে এ বার অনেক মিল খুঁজে পাচ্ছি। একই রকম তাগিদ টিমে, কিছু করার ইচ্ছে, মাঠ ও মাঠের বাইরে ইউনিট হয়ে ওঠা।

প্রশ্ন‌: পঙ্কজ সাউ, মুকেশ কুমারদের একেবারে আনকোরা মুখ। সুদীপ চট্টোপাধ‌্যায়, অভিমন্যু ঈশ্বরন, আমির গনিদের মতো তরুণ তুর্কীরা। এঁরা নিয়মিত সফল হচ্ছেন কী করে?
মনোজ‌: যে টিমে নতুন কেউ যখন পা দেয়, তখন তাদের একটা কথা শুরুতেই বলে দিতে হয়, কোনও চাপ নেই তোমার উপর। খোলা মনে খেলো। খারাপ করলেও টিম থেকে বাদ পড়বে না। এটাই নতুন মুখদের ভরসা দেয়। ওরা দ্রুত সফল হয়। যেটা পঙ্কজ, মুকেশদের ক্ষেত্রে হচ্ছে। আর সুদীপ, অভিমন্যুরা তো প্রতিষ্ঠিত। ওরাই টিমের শক্তি।

প্রশ্ন‌: সুদীপ তো সুপার্ব ফর্মে রয়েছে
মনোজ‌: ছেলেটা দুরন্ত খেলছে। ওকে যত দেখছি মুগ্ধ হয়ে যাচ্ছি। আগামী দিনে বাংলাকে আরও অনেক কিছু উপহার দেবে। সুদীপের ফর্মে থাকাটা বাকিদেরও কনফিডেন্স বাড়িয়ে দিচ্ছে।

প্রশ্ন‌: ছ’ম্যাচে আপনার তো মাত্র একটা সেঞ্চুরি
মনোজ‌: নামের পাশে আরও দুটো থাকতে পারত। অল্পের জন্য মিস করেছি। সুতরাং রান পাচ্ছি না, তা বলা যাবে না। এক জন ক্যাপ্টেনের কাছে কিন্তু শুধু রান করাটা গুরুত্বপূর্ণ নয়। টিম ভালো পারফর্ম করছে কিনা, সেটাও সমান জরুরি।

প্রশ্ন‌: ৬ ম্যাচে ১৯ পয়েন্ট। সামনে দিল্লি (২৪), বিদর্ভ (২২), আসাম (২২) আর কর্নাটক (২১)। লিগ টেবল তো বলছে পরের পর্বে যেতে হলে বাংলাকে অনেক কাঠখড় পোড়াতে হবে!

মনোজ‌: কঠিন লড়াই কোনও সন্দেহ নেই। তবে অসম্ভব নয়। আমরা যে ভাবে খেলছি, তাতে ভালো কিছুর প্রত্যাশা করাই যেতে পারে। পরের ম্যাচটা ঘরের মাঠে ওডিষার বিরুদ্ধে। ওরা ভালো টিম কোনও সন্দেহ নেই। কিন্তু আমাদের জিততেই হবে। সেটা হলে দেখবেন পরিস্থিতি অনেকটাই পাল্টে গিয়েছে। 

Know more about

AbhishekSengupta

journalist at Bennett, Coleman and Co. Ltd. (Times Group), Principal Correspondent at Ei Samay, Times Of India Group Education St. Pauls College, Kolkata , CMS High School, Burdwan.




Comments

Contact Us

Name

Email *

Message *