অভিষেক সেনগুপ্ত
অন্ধকার থেকে আলোয় ফিরে র্যান্টি মার্টিন্সের মুখে এলএম
টেন ও সিআর সেভেন!
এত দিন গোল না পাওয়ায় প্রবল সমালোচনা হয়েছে তাঁকে নিয়ে।
লাজং এফসির বিরুদ্ধে হ্যাটট্রিকের পর দিন সেই র্যান্টি একান্ত সাক্ষাৎকারে বলে
দিলেন, ‘খারাপ দিন কার জীবনে আসে না। মেসি, রোনাল্দোদের দিকে তাকান, ওরাও ফর্ম
হারায়। তফাত শুধু একটা, ওদের কখনও সমালোচনার মুখে পড়তে হয় না। আমার ক্ষেত্রে সেটা
হয়।’
আই লিগে যিনি দুরন্ত, আইএসএলে সুযোগ পেলেন না কেন? র্যান্টি
শোনালেন আক্ষেপের গল্প। ‘পারফরম্যান্স নয়, আইএসএলে যদি খেলতে হয়, আপনার চমৎকার
যোগাযোগ দরকার। যেটা আমার নেই।’
কেন? র্যান্টির মুখে জিকো, রবের্তো কার্লোসদের সমালোচনা।
বললেন, ‘দিল্লি ডায়নামোসের সঙ্গে আমার কথা চূড়ান্ত হয়ে গিয়েছিল আইএসএলে। কিন্তু
কোচ রবের্তো কার্লোসের পছন্দ হয়নি। আসলে আইএসএলে বিদেশি কোচেরা তাঁদের পছন্দের
ফুটবলারদের নিয়ে আসছে। ভারতীয় ফুটবলে কে ভালো খেলছে, সে সব নিয়ে মাথা ব্যথা নেই
ওঁদের।’
বিদেশি কোচেদের নিয়ে মুখর হলেও র্যান্টি আবার মনে
করছেন, আই লিগ এবং আইএসএল মিশে যাওয়া উচিত। ‘এতে ভারতীয় ফুটবলারদেরই লাভ হবে। দুটো
লিগ পাশাপাশি চলছে। কিন্তু আইএসএলকে ফিফা স্বীকৃতিই দেয়নি। একটা লিগ হলে টিম
বাড়বে। লিগটাও জমজমাট হবে।’
মাস খানেক আগে যা হাল ছিল র্যান্টির, এখন যেন সেই
পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন দং হিউন দো। র্যান্টি কাউকে পাশে পাননি। দং পেয়ে
যাচ্ছেন র্যান্টিকে। ‘বাচ্চা ছেলেটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। যেমন আমাকে
কাটাতে হয়েছে। মিডিয়া যেমন আমার সমালোচনা করেছে, এখন ওর করছে।’ একটু থেমে ফের
জুড়লেন, ‘ওর সঙ্গে এ নিয়ে আলোচনা করেছি। বলেছি, তোমার মতো প্লেয়ার যে কোনও দিন
গোলে ফিরবে। মাথাটা ঠান্ডা রাখো।’
তাঁর হ্যাটট্রিক নিয়ে যতই হইচই হোক, চোট নিয়ে খেলে
চলেছেন র্যান্টি। বাঁ পায়ের গোড়ালিতে এমআরআই হবে আজ। চোটের প্রসঙ্গ উঠতেই র্যান্টির
গলায় যন্ত্রণা। ‘কেন গোল পাচ্ছি না, এটা লোকে বোঢারই চেষ্টা করল না। চোট নিয়ে
খেলছি শেষ তিনটে ম্যাচ।’ ইস্টবেঙ্গ মাঠ থেকে যখন বাড়ির পথে নাইজিরিয়ান স্ট্রাইকার,
তখন মেহতাব হোসেন, অর্ণব মণ্ডল সহ এক দঙ্গল বাঙালি ফুটবলার গেলেন মন্দারমণি। ছুটি
কাটাতে। ২১ ফেব্রুয়ারি সালগাওকর ম্যাচ। সোমবার থেকে ফের প্র্যাক্টিসে ফিরবে
ইস্টবেঙ্গল।
ডেম্পো থেকে উত্থান। সেখানেই কাটিয়েছেন আটটা বছর। গোয়া
ফুটবলের এই দুর্দিন কেন? উত্তর খুঁজছেন র্যান্টি নিজেও। ভাইচুং ভুটিয়া, সুনীল
ছেত্রীর পর ভারতীয় ফুটবলে নতুন স্ট্রাইকার নেই কেন? তার উত্তর আছে। র্যান্টি
বললেন, ‘যে কোনও দেশেই যুব ফুটবলে নতুন স্টার তুলে আনার কাজ করা হয়। ভারত অনেক
পিছিয়ে। তাই নতুন কোনও স্বদেশি ছেলে উঠছে না।’
এক যুগ ভারতে খেলছেন। ইয়াকুবু, ব্যারেটো, ওডাফা, চিডিদের
মতো অনেক বিদেশি দেখেছেন। সেরা বিদেশি স্ট্রাইকার কে? গত বছর এক সঙ্গে খেলা ডুডু
ওমাগবেমিকে বাছছেন র্যান্টি। ‘দুটো কারণ ডুডুকে বাছার পিছনে। এক ফুটবলের প্রতি
দায়বদ্ধতা। দুই, পেশাদারিত্ব। এই দুটো না থাকলে দীর্ঘ দিন আপনি সাফল্য পাবেন না।
আসবেন, হারিয়েও যাবেন।’
বার্নার্দ মেন্দি আসার পর টিমের চেহারাটাই বদলে গিয়েছে,
মনে করছেন র্যান্টি। ফরাসি ফুটবলারের প্রসঙ্গ উঠতেই প্রশংসা। ‘ওর মাঠে থাকা মানে
আত্মবিশ্বাস বেড়ে যাওয়া। ফুটবলটা দারুণ বোঝে। টিমম্যান। শেষটুকু দেওয়ার চেষ্টা
করে।’ বুট জোড়া তুলে রাখার পর কোচ হওয়ার ইচ্ছে আছে? র্যান্টি হেসে ফেললেন, ‘আমার
স্ত্রী তিতিলায়ো মনে হয় চাইবে না। মাঠে যখন খেলি তখন ও টেনশনে ভোগে। কোচ র্যান্টির
চাপটা আর নিতে চাইবে না।’ পরমূহুর্তেই আবার সিরিয়াস। ‘ফুটবলই আমার জীবন। কোচিংই
করাব। ভারতীয় কোনও ক্লাবে কোচ র্যান্টিকে দেখতে পাবেন এক দিন।’
বেঙ্গালুরু এফসি, মোহনবাগান, ইস্টবেঙ্গল--- এ বারের আই
লিগে তিনটে টিমের মধ্যেই লড়াই চ্যাম্পিয়ন হওয়ার। র্যান্টি মানছেন না। ‘মুম্বই
এফসি দারুণ খেলছে। ঘরের মাঠে ওরা অপরাজিত। লাজংকে বাদ দিলেও চলবে না।’ পরক্ষণেই ভবিষ্যৎদ্বাণী,
‘এটা ছোট লিগ। অঘটন আরও ঘটবে।’
মেন্দির মতো বিকাশ জাইরুতে মজে নাইজিরিয়ান স্ট্রাইকার।
‘অসম্ভব ভালো ফুটবলার। এই আই লিগের সেরা ভারতীয় প্লেয়ার। প্রতিটা ম্যাচে চমকে
দেওয়ার মতো খেলছে। ফিটনেস লেভেল যে কোনও বিদেশির মতো। ছেলেটা অনেক দূর যাবে।’
ইস্টবেঙ্গলের কতটা সম্ভবনা চ্যাম্পিয়ন হওয়ার? ভারতীয়
ফুটবলে সব পেয়েছেন। র্যান্টি তবু বললেন, ‘ইস্টবেঙ্গলের হয়ে আই লিগ জেতার স্বপ্নটা
আমাকে তাড়িয়ে বেড়াচ্ছে। এ বার ওটা চাই।’



No comments:
Post a Comment