Home Ads

Sunday, September 6, 2015

নতুন প্রাণ প্রতিষ্ঠা ‘বিশ্বদা’র, রেফারিকে তির ক্ষুব্ধ সঞ্জয়ের


অভিষেক সেনগুপ্ত

ঠিক ৯৮ দিন আগে তিনি ছিলেন এই শহরের একচ্ছত্র সম্রাট। সবুজ-মেরুন জনতার নয়নের মণি!

রবিবার সন্ধের যুবভারতী আর ওই ৪ গোল ঝটকায় তাঁকে নামিয়ে আনল বাস্তবের রুক্ষ জমিতে!

মাত্র ৯০ মিনিটে সম্রাট থেকে ফকিরে পরিণত সঞ্জয় সেন!

দং হিউন দো, দুটো ফ্রি কিকে সুপারস্টার

অন‌্য দিকে, মাস দুয়েক আগেও যিনি কোথাও ছিলেন না শিরোনামে। রবীন্দ্র সরোবর মাঠে বাচ্চাদের কোচিং করাতে ব্যস্ত থাকতেন। সেই তিনিই রাতারাতি শহরের শাহেনশাহ! যাঁর জন্য হাজার মশাল জ্বলছিল সন্ধের যুবভারতীতে। লাল-হলুদ আবিরে স্নান করছিল উত্তাল জনতা। যাঁর জন্য মানিকতলা বা লেক মার্কেট বাজারে রাতারাতি ইলিশের দাম দেড় হাজার টাকা কেজি!

রবিবারের সন্ধেয় শহরের পয়লা নম্বর হিরোর নাম? অবশ্যই বিশ্বজিৎ ভট্টাচার্য!

তখন শেষ বাঁশিটা বেজেছে সবে। লাল-হলুদ কোচ সটান দৌড় লাগালেন মাঠে। এমন পাগলামো আর করে দেখা গিয়েছে তাঁর? খানিক পরে মাঠে দাঁড়িয়েই বিশ্বজিৎ হাঁপাতে হাঁপাতে বলছিলেন, ‘নিজেকে আটকে রাখতে পারিনি। কী করে পারব বলুন? এমন একটা ম্যাচ যদি খেলে ছেলেরা?’

লাল-হলুদের মস্তিষ্ক, দেবজিৎ, ওমোলো, বিশ্বজিৎ
কলকাতা লিগের ইতিহাসে বিশ্বজিৎ একমাত্র কোচ, যিনি ম্যাচের পর ফেরবুকে নিজের টিম নিয়ে বিশ্লেষণ দেন। বড় ম্যাচও ব্যতিক্রম নয়। নিজের ফেসবুক পেজে লিখলেন, ‘দংয়ের প্রথম গোল হয়তো কলকাতা লিগের বড় ম্যাচের ইতিহাসে সেরা গোল। তবে জবাব দেওয়ার এখনও অনেক বাকি।’

উৎসবের ফানুসে উড়ছে যাঁর নাম, ইস্টবেঙ্গলের কোচ হওয়ারই কথা ছিল না! কথা ছিল কোনও এক বিদেশিকে এনে বসিয়ে দেওয়া হবে টিমের মাথায়। ট্রেভর জেমস মর্গ্যান সময় দিতে না পারায় আনা হয়েছিল বিশ্বজিৎকে। এখন তিনিই ইস্টবেঙ্গলে বন্ধ করে দিলেন সব বিদেশি কোচের দরজা। বাগানকে অন্ধকার করে বিশ্বজিৎ বলে ফেললেন এত দিনের না বলা কথা। ‘কোচ হিসেবে তখন অনেক বড় বড় কোচের কথা শুনেছিলাম। ভাবিইনি আমার কাছে অফার আসতে পারে। কিছুটা দ্বিধায় ছিলাম। এখন বুঝতে পারছি আমার সিদ্ধান্ত ভুল ছিল না।’

যে কোনও ডার্বহি ম্যাচে চার গোলে হেরো টিমের কোচকে শুধু লজ্জা দেয় না, প্রায় বসিয়ে দেয় পথে। ২ বা ৩ অবধি গোল সংখ্যা মানুষ যন্ত্রণাসহ মেনে নেয়। কিন্তু ৪ কোচের ভাগ্যে জোটে বিদ্রুপ আর গালাগালি। 

প্রশ্ন সত্যি উঠছে, সাড়ে তিন মাস আগে ক্লাবকে ভারতসেরা যিনি করেছেন, তাঁর সাধের বাগান এত তাড়াতাড়ি শুকিয়ে যাবে কেন? সঞ্জয়ের বিরক্তি ধরা পড়ছিল দংয়ের প্রথম গোলটার পরই। জুডেলিন আবেস্কা যখন বক্সের মাথায় সহজ সুযোগ পেয়েও ঠিকঠাক শটটই নিতে পারলেন না, রিজার্ভ বেঞ্চে বসে থাকা সঞ্জয় দেখা গেল কপাল চাপড়াচ্ছেন। দ্বিতীয় গোলের পর? চোখেমুখে স্পষ্ট বিরক্তি। বাকি সময় সহকারী শঙ্করলাল চক্রবর্তীর হাতে দায়িত্ব ছেড়ে দিয়ে খালাস!

সত্যি কথা বলতে কী, সঞ্জয় ভাবতেও পারেননি এ ভাবে সাধের দুর্গ তছনছ হয়ে যাবে কোরিয়ান ঝড়ের সামনে। ম্যাচ শেষে বিধ্বস্ত ও বিপর্যস্ত দেখাচ্ছিল তাঁকে। সমর্থকদের কাছে ‘ক্ষমা’ চাইছেন ঠিকই, কিন্তু যুবভারতীর প্রেসরুমে বসে আর পাঁচ জন কোচের মতোই দোষ চাপালেন রেফারির উপর। ‘আমাদের তো হারাল রেফারি। ডুডুর লাল কার্ডটা হয়ই না।’

সঞ্জয়ের ‘অজুহাত’ শোনার লোক এখন নেই। উল্কা গতিতে বিশ্বজিতের উত্থান এখন ‘টক অফ দ্য সিটি’!

লাল-হলুদ কোচ আবার বড় ম্যাচ জেতার দিনে কটাক্ষ করলেন বাগানকে। ‘আমাদের টিমকে হয়তো এত দিন সম্মানই করত না মোহনবাগান। রবিবারের পর থেকে সেটা নিশ্চয় পাব।’ কলকাতা লিগ জেতা তো হয়ে গেল, এ বার লক্ষ্য কী? সব উত্তেজনা সরিয়ে রেখে শান্ত গলায় বিশ্বজিৎ বললেন, ‘অপরাজিত থেকে কলকাতা লিগ চাই। এখনও কিন্তু কাজ শেষ হয়নি। দুটো ম্যাচ বাকি রয়েছে।’

চাপ থেকেই কি তাগিদের জন্ম ইস্টবেঙ্গলে? ‘বড় ম্যাচ নিশ্চয় একটা তাগিদ। কিন্তু ম্যাচটা জিততে হলে কলজের জোর লাগে। সেটা ম্যাচের শুরু থেকেই আমার ছেলেদের মধ্যে ছিল।’ ভেবেছিলেন ৪-০ হবে? এ বার বিশ্বজিৎ জুড়লেন, ‘ও ভাবে স্কোরলাইন ভাবা যায় না। এটা টিমের সম্মিলিত পারফরম্যান্স।’

সঞ্জয়ের ‘বিশ্বদা’ যখন আলোয় একাকার, তখন তিনি নিকষ অন্ধকারে। যন্ত্রণামাখা মুখেও বাগান কোচ জ্বলে উঠলেন। ‘ইস্টবঙ্গলের কাছে এই হারকে বেইজ্জত মনে করি না। চ্যাম্পিয়নশিপে না থাকলে আবার হার-জিতের গুরুত্ব কীসের?’

চার গোল খেলেন কেন? নীচুগলায় সঞ্জয়ের ব্যাখ্যা, ‘ছেলেদের বলেছিলাম, ৩০ গজে ফাউল করো না। দুটো গোল ইস্টবেঙ্গলকে উপহার দিয়েছি। ফার্স্ট হাফে জুডেলিন আর ডুডু গোল করতে পারত। দ্বিতীয়ার্ধ নিয়ে বলব না।’ আর দং? ‘দুটো গোল ছাড়া আর কী করেছে?’

আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার পর অনেক বিতর্কিত মন্তব্য করেছেন। সমালোচনায় পড়তে হয়নি সে ভাবে। এখন সে সবই সঞ্জয়ের কাছে হয়তো ফিরবে বুমেরাং হয়ে!


আর সঞ্জয়ের বাগানে রোডরোলার চালানো বিশ্বজিৎ? ‘প্রমাণ করলাম, ফুটবলটা একটু-আধটু খেলতে পারি!’

Know more about

AbhishekSengupta

journalist at Bennett, Coleman and Co. Ltd. (Times Group), Principal Correspondent at Ei Samay, Times Of India Group Education St. Pauls College, Kolkata , CMS High School, Burdwan.




Comments

Contact Us

Name

Email *

Message *