Home Ads

Sunday, September 27, 2015

সৌরভের সঙ্গে আলাপ করতে আগ্রহী হিউম

অভিষেক সেনগুপ্ত

সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা করার জন্য মুখিয়ে রয়েছেন স্কটিশ ফুটবলার!

গত মরসুমে তাঁর ঠিকানা ছিল সচিন তেন্ডুলকরের টিম কেরালা ব্লাস্টার্স। এ বার সেখান থেকে সৌরভের টিমে। কলকাতায় পা দেওয়া ইস্তক ‘প্রিন্স অফ কলকাতা’র সঙ্গে আলাপ করার জন্য অপেক্ষা করছেন লেস্টার সিটির প্রাক্তন ফুটবলার।

এই ‘তিনি’ কে? ইয়ান এডওয়ার্ড হিউম। আতলেতিকো দে কলকাতার হেল্দের পোস্তিগার জুড়িদার যিনি।
রবিবার বিকেলে মোহনবাগান মাঠে এরিয়ানের বিরুদ্ধে প্র্যাক্টিস ম্যাচ খেলার পর বিদেশি স্ট্রাইকার সৌরভের প্রসঙ্গ ওঠা মাত্র বলে দিলেন, ‘গত বার সচিনের টিমে ছিলাম। এ বার সৌরভের টিমে। আমি স্কটিশ। তাই ক্রিকেটের মাহাত্ম্য বুঝি।’ একটু থেমে ফের জুড়ে দিলেন, ‘সচিন ভীষণ রকম টিমম্যান। টিমের সঙ্গে যখনই থাকত, আমাদের উৎসাহ দিত।’

হিউম, আইএলএলের সেরা বিদেশি
আর সৌরভ? হিউম হাসতে হাসতে বলেন, ‘ওর খেলা দেখেছি। দারুণ ক্রিকেটার ছিল। কিন্তু ওর সঙ্গে এখনও আলাপ হয়নি। সৌরভের সঙ্গে দেখা করার প্রবল ইচ্ছে রয়েছে আমার।’

স্পেনে তিন সপ্তাহের ট্রেনিংয়ের পর চার দিন হল পা দিয়েছেন কলকাতায়। শনিবার টিমের প্রচারের কাজে শিলিগুড়ি গিয়েছিলেন। রবিবার বিকেলে আবার টিমের সঙ্গে নেমে পড়লেন এরিয়ান ম্যাচ খেলতে। ম্যাচের শুরুতে কোচ আন্তনিও আবাস নামাননি তাঁকে। বিরতির পর হিউমের দুরন্ত গতি নজর কাড়ল।

এ বার কলকাতার টিম কেমন? হিউম বললেন, ‘ফুটবলে সাফল্যের একটাই শর্ত, টিম কতটা ব্যালান্সড। কলকাতাকে যদি দেখেন, বুঝতে পারবেন, সেই শর্তটাই আমরা পূরণ করেছি।’ প্র্যাক্টিস ম্যাচের শুরুতে তো প্রতিপক্ষ এরিয়ান কিছুটা চেপেই ধরেছিল! যা শুনে হিউম সাফ বলে দিলেন, ‘একটা টিম প্র্যাক্টিস ম্যাচ খেলে নিজেদের তৈরি করে নেওয়ার জন্য। স্পেনে আমরা ট্রেনিং করেছি তিন সপ্তাহের। কয়েকটা প্র্যাক্টিস ম্যাচও খেলেছি। তবে এখানে এই প্রথম খেললাম। ধীরে ধীরে টিম শেপে আসছে। আইএসএলে চেন্নাইয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচের আগে আমরা তৈরি হয়ে যাব।’

রবিবার বিকেলে প্র্যাক্টিস ম্যাচ খেলে সোজা মোহনবাগানের ড্রেসিংরুমে আতলেতিকোর ফুটবলাররা। মিনিট দশেকের বিশ্রামের পর সোজা টিম বাসে করে টিম হোটেলে। তার আগে বাগানের ড্রেসিংরুমের সামনে দাঁড়িয়েই কথা বলতে রাজি হয়ে গেলেন হিউম। গত বার কেরালা ব্লাস্টার্সের হয়ে দারুণ সফল। পাঁচটা গোলও করেছিলেন আইএসএলে। যার মধ্যে কলকাতার বিরুদ্ধে যুবভারতীতেই ছিল জোড়া গোল। প্রসঙ্গ উঠতেই হিউম লাজুম মুখে বলেন, ‘কলকাতার বিরুদ্ধে ওই দুটো গোল আমার এখনও মনে আছে। তৃপ্তি পেয়েছিলাম।’

পুরস্কারের মঞ্চে। হিউম, আবাস সহ আরও অনেকে
৩১ বছরের স্কটিশ ফুটবলার ২০০৩ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত খেলেছিলেন লেস্টার সিটিতে। ১২২ ম্যাচে ৩৩ গোল ছিল তাঁর। সেই টিম শনিবার আর্সেনালের কাছে খেয়েছে পাঁচ গোল। রাতে নভোটেলে এফপিএআইয়ের ‘ফুটবল নাইট’এ সেরা বিদেশি স্ট্রাইকারের পুরস্কার পাওয়ার পর হিউম নিজের পুরোনে টিম নিয়ে বললেন, ‘লেস্টার একটা লড়াকু টিম। তবে বড় টিমগুলোর কাছে প্রায়ই চাপে পড়ে যায়।’ 

নিজের অতীত নিয়ে ভাবতে নারাজ হিউম। কলকাতাকে নিয়েই দেখছেন যত স্বপ্ন। চেন্নাইয়ের বিরুদ্ধে তাদের ঘরের মাঠেই প্রথম ম্যাচ ‘এডিকে’র। প্রথম প্রতিপক্ষকে নিয়ে কী ভাবছেন? হিউমের মুখে মাতেরাজ্জির কথা। ‘চেন্নাই টিমটা খুব ভালো। গত বার যা টিম দেখেছিলাম, এ বারও মোটামুটি সেই টিমই ধরে রাখা হয়েছে। এলানোর মতো দুরন্ত স্ট্রাইকার রয়েছে। তবে ওদের আসল লোক কিন্তু মাতেরাজ্জি। মাঠের বাইরে থেকে টিমটাকে দারুণ গুছিয়ে নিতে জানে। আইএসএলের প্রথম ম্যাচেই আমাদের বড় পরীক্ষা।’

পোস্তিগার সঙ্গে এ বার আপনার জুটি নিয়ে এখন থেকেই তো অনেক কথা উড়ছে। হিউম এক মুহূর্ত ভাবলেন। তার পর বলে দিলেন, ‘পোস্তিগাকে নিয়ে নতুন করে কী বলব। প্রচুর অভিজ্ঞতা। পর্তুগালের হয়ে দীর্ঘ দিন খেলেছে। প্রচুর গোল করেছে।’ সঙ্গে তাঁর সংযোজন, ‘পোস্তিগার সঙ্গে আমার জুটিটা জমে যাবে।’


হিউম যখন কথা বলছেন, তাঁর পাশে জমে উঠেছে ভিড়। ছবি তোলার আব্দার থেকে আটোগ্রাফের আর্তি। কলকাতাকে কেমন দেখছেন? টিম বাসের দিকে যেতে পোস্তিগা বললেন, ‘মাঠের উন্মাদনা গত বারও দেখেছি। এ বার মাঠের বাইরের উত্তাপটা টের পাচ্ছি। এটাই দেখতে চাই সব সময়। সাপোর্টাররাই তাতাবে আমাদের।’ 

Know more about

AbhishekSengupta

journalist at Bennett, Coleman and Co. Ltd. (Times Group), Principal Correspondent at Ei Samay, Times Of India Group Education St. Pauls College, Kolkata , CMS High School, Burdwan.




Comments

Contact Us

Name

Email *

Message *