অভিষেক সেনগুপ্ত
৬৮ দিনের রাজসীক ফুটবল ভোজ। সারা দুনিয়া নজর থাকছে যে দিকে। রবার্তো
কার্লোস থেকে শুরু করে লুসিও, নিকোলাস আনেলকা থেকে হেল্দের পোস্তিগা- কে নেই এই
মেগা শো-তে!
আইপিএলের বিউগলের মতোই জনপ্রিয় ‘বাজেগি সিটি, উড়ে গা বল’। যা বাজতে শুরু
করে দিয়েছে দেশের কোণে কোণে। গত বারের চ্যাম্পিয়ন কলকাতা থেকে শুরু করে সমস্ত টিমই
বিদেশে তাদের আবাসিক শিবির শেষ করে পা দিয়েছে হোম সিটিতে। কাউন্ট শুরু হয়ে গিয়েছে অনেক আগেই। এ বার বল গড়াল বলে!
![]() |
| সুব্রত পাল, গোল বাঁচানোর চেষ্টায় |
দেশ জুড়ে উন্মাদনা ক্রমশ বাড়ছে নামী, অনামীদের নিয়ে। তারকাদের ভিড়ে সুব্রত
পাল, মেহতাব হোসেন, রহিম নবি, অর্ণব মণ্ডলরাও সামিল। গত বার আইএসএলে ছিল ৩০ বাঙালি
ফুটবলার। এ বারের আইএসএলে যা কমে গিয়ে মাত্র ১৯। নর্থ-ইস্ট
ইউনাইটেড বাদ দিলে বাকি সাত টিমেই বাঙালি মুখ। যার মধ্যে সচিন তেন্ডুলকরের কেরালা
ব্লাস্টার্সেই রয়েছেন চার বঙ্গসন্তান।
সুপার লিগে চোখ থাকবে বাংলার। নজর থাকবে বাঙালিয়ানার উপর!
আতলেতিকো দে কলকাতা
অর্ণব মণ্ডল (ইস্টবেঙ্গল): ভারতীয় ফুটবলে মূলস্রোতে বছর চারেক থাকলেও তারকা
হয়েছেন গত আইএসএলে। আন্তনিও হাবাসের টিমের সেরা ডিফেন্ডার। জোসেমির পাশে অসাধারণ
ফুটবল খেলেছেন। ১৬টা ম্যাচে বিদেশি স্ট্রাইকারদের পর্যন্ত থামিয়ে দিয়েছেন তিনি।
৩৮টা নিখুঁত ট্যাকেল বেরিয়েছে তাঁর পা থেকে। টিমের চ্যাম্পিয়ন হওয়ার পিছনে যথেষ্ট
অবদান ছিল লাল-হলুদের ফুটবলারের। এ বারও কলকাতা তাকিয়ে অর্ণবের দিকে।
শক্তি: আগের থেকে অনেক পরিণত
দুর্বলতা: চাপের মুখে ভেঙে পড়েন
![]() |
| অর্ণব, সেরা ছন্দে |
রহিম নবি (ভাইস ক্যাপ্টেন): গত বার মুম্বইয়ের ক্যাপ্টেন। টিম সাফল্য পায়নি। ৮
ম্যাচে তেমন খেলতে দেখা যায়নি নবিকে। একটা গোল অবশ্য ছিল। আই লিগের কোনও ক্লাব এ
বার নেয়নি নবিকে। সে দিক থেকে দেখতে গেলে এই আইএসএল চ্যালেঞ্জ হতে চলেছে। হাবাস এ
বার সই করিয়েছেন নবিকে। টিমের ভাইস ক্যাপ্টেনও।
শক্তি: অলরাউন্ড এবিলিটি
দুর্বলতা: ছয় মাস ফুটবলে না থাকা
জুয়েল রাজা (ডেম্পো): সেন্ট্রাল মিডফিল্ডার গত তিন বছর ধরেই চমৎকার ফুটবল
খেলছেন। আইএসএলে গত বার অবশ্য তেমন সুযোগ পাননি। বদলি হিসেবে নেমেছেন অধিকাংশ
ম্যাচে। ৯ ম্যাচে কিছুটা নজর কেড়েছেন। নবির পর দ্বিতীয় বাঙালি হিসেবে গোল ছিল আইএসএলে। এ বার জুয়েল কলকাতার ফুটবলার।
প্রত্যাশা প্রবল।
শক্তি: খেলা ছড়াতে পারেন
দুর্বলতা: ধারাবাহিক নন
আইএসএলে বাঙালির গোল
রহিম নবি ১ গোল, বনাম চেন্নাই
জুয়েল রাজা ১ গোল, বনাম দিল্লি ডায়নামোস
চেন্নাইয়িন এফসি
অভিষেক দাস (ইস্টবেঙ্গল): রাইটব্যাক গত বার তেমন সুযোগ পাননি মাতেরাজ্জির টিমে।
খেলেছেন মাত্র ৪টে ম্যাচ। পারফরম্যান্সও তেমন আহামরি নয়। তবে এ বার অভিষেকের
নিজেকে মেলে ধরার যথেষ্ট সুযোগ রয়েছে।
শক্তি: আক্রমণে ভালো
দুর্বলতা: হেড ও ট্যাকেল খারাপ
টিম মেলেনি যে এগারো ফুটবলারের
- বিশ্বজিৎ সাহা: কলকাতার সবচেয়ে সফল লেফটব্যাক ছিলেন। ১১টা ম্যাচ খেলেছিলেন টানা। কিন্তু চোট লাগার পর আর ফিরে আসতে পারেননি। কলকাতা এ বার রাখেনি। আইএসএলেও টিম মেলেনি।
- অনুপম সরকার: পুনে এফসিতে খেলেন গত বার। কিন্তু এ বার আর টিম পাননি।
- অভিনব বাগ: কেরালা ব্লাস্টার্সে গত বার ৫টা ম্যাচ খেলেছিলেন। কিন্তু এ বার টিম মেলেনি ডিফেন্ডারের।
- তপন মাইতি: পুনে এফসিতে ছিলেন। খেলেছিলেন ১টাই ম্যাচ। কিন্তু তেমন কিছু করতে পারেননি। এ বার টিম পাননি তিনিও।
- রাম মালিক: মুম্বই সিটির হয়ে গত বার একটাই ম্যাচে পরিবর্ত হিসেবে নেমে ১২ মিনিট মাঠে ছিলেন। বাকি মরসুমে আর নামা হয়নি। এ বার কোনও টিম ডাকেনি বাগানের রাইট হাফকে।
- মহম্মদ রফিক: যাঁর গোলে গত বার আইএসএল জিতেছিল কলকাতা, সেই তিনি সুযোগ পাননি টিমে। অন্য কোনও টিমও ডাকেনি।
- অভিজিৎ মণ্ডল: ড্রফ্টিংয়ে চেন্নাই নিয়েছিল তাঁকে। কিন্তু মরসুম শুরু হওয়ার আগেই চোটে পড়ে যান তিনি। শেষ পর্যন্ত অভিজিৎকে ছেড়েও দেয় চেন্নাই। এ বার টিম নেই।
- ইশান্ত দেবনাথ: গত বার সুব্রত পালের সঙ্গে রণবীর কাপুরের টিমে ছিলেন ইশান্ত দেবনাথও। একটাও ম্যাচ খেলা হয়নি। এ বার আইএসএলেই নেই।
- শৌভিক ঘোষ: গত বার দিল্লি ডায়নামোসে নিয়মিত মুখ ছিলেন লেফটব্যাক। ১৩ ম্যাচ খেলেছিলেন। এ বার টিম নেই।
- দীপক মণ্ডল: মুম্বই সিটির অন্যতম মুখ ছিলেন প্রথম সুপার লিগে। খুব একটা খেলার সুযোগ পাননি। এ বার টিমও মেলেনি।
দিল্লি ডায়নামোস
শুভাশিস রায়চৌধুরী: দেশি-বিদেশিদের তালিকায় গত বারের সেরা গোলকিপার শুভাশিস।
কলকাতাকে প্রথম আট ম্যাচে দুরন্ত সাফল্য দিয়েছিলেন। ৭২০ মিনিট খেলে হজম করেছিলেন
মাত্র ৭টা গোল। এ বার তিনি দিল্লিতে। কিন্তু চোটের জন্য কতটা ফিট, তা নিয়ে সংশয়
থেকে যাচ্ছে। টিমের খবর, শুভাশিসের ফিটনেস নিয়ে চিন্তায় রয়েছেন কোচ কাম প্লেয়ার
রবার্তো কার্লোস।
শক্তি: গ্রিপ, অ্যান্টিসিপেশন
দুর্বলতা: চাপ নিতে পারেন না
শৌভিক চক্রবর্তী (মোহনবাগান): দেল পিয়েরোর টিমে শুরুতে যতটা কার্যকর বলে মনে
হচ্ছিল, পরের দিকে ততটা ছিলেন না। ৭টা ম্যাচ খেললেও পরের দিকে পরিবর্ত ফুটবলার
হিসেবেই নামতেন শৌভিক। তবে আইএসএলের অভিজ্ঞতা পরে আই লিগে চমৎকার কাজে
লাগিয়েছিলেন। বাগানে অপরিহার্য হয়ে ছিলেন। এ বার রবার্তো কার্লোস কিন্তু ভরসা
রাখছেন তাঁর উপর। এখন সাইডব্যাক
শক্তি: গতি ও স্কিল
দুর্বলতা: শারীরিক ক্ষমতা
প্রবীর দাস (ডেম্পো): পৈলান অ্যারোজ থেকে উত্থান। ডেম্পোর হয়ে গত দু’বছর
ভালোই ফুটবল খেলেছেন। তবে রাইটব্যাক এখনও নজর কাড়তে পারেননি আইএসএলে। গত বার
খেলেছেন মাত্র ১ ম্যাচ।
শক্তি: ডিফেন্সে ভালো
দুর্বলতা: আক্রমণে ভালো নন
![]() |
| গত বার মুম্বইয়ের নবি |
এফসি গোয়া
নারায়ণ দাস (ডেম্পো): লেফটব্যাক হিসেবে গত বার বেশ সফল ছিলেন গোয়া টিমে। ১৪টা
ম্যাচ খেলেছিলেন।৩২টা ক্লিয়ার ট্যাকেল ছিল তাঁর। ডিফেন্সের মতো আক্রমণেও সমান
সাবলীল। ব্রাজিলিয়ান কোচ জিকোকে বেশ কয়েক বার প্রশংসা করতে দেখা গিয়েছিল তাঁকে। এ
বারও গোয়া টিম ধরে রেখেছে নারায়ণ দাসকে। গোয়ার প্রথম দলে এই মরসুমে কতটা সুযোগ করে
নেন, সেটাই দেখার।
শক্তি: বাঁ পা দুরন্ত
দুর্বলতা: লম্বা চোটের পর কতটা ম্যাচ ফিট?
দেবব্রত রায় (ডেম্পো): ডিফেন্ডারদের তালিকায় সবচেয়ে সফল বাঙালি। কলকাতার
বোর্হা ফের্নান্দেস সবচেয়ে বেশি ৬৩টা ট্যাকেল করেছিলেন। তাঁর পরেই ছিলেন
চেন্নাইয়ের ডেনসন দেবদাস। ১৫ ম্যাচে ৫৩টা সফল ট্যাকেল ছিল তাঁর। তালিকায় তিন নম্বরে রয়েছেন
এফসি গোয়ার দেবব্রত দাস। রাফ অ্যান্ড টাফ দেবব্রত ৪৮টা ট্যাকেল করেছেন। তিনিই
আইএসএলের সেরা লেফটব্যাক কিনা, তা নিয়েও তর্ক থাকতে পারে। ১৭টা ক্রশ বেরিয়েছিল
তাঁর পা থেকে।
শক্তি: লড়াই করার মানসিকতা
দুর্বলতা: চোট প্রবণ
প্রণয় হালদার (ডেম্পো): জিকোর টিমে খেলার সুযোগই পাননি গত বার। এ বারও পাবেন
কিনা, সংশয় আছে।
শক্তি: হার্ড ট্যাকেল
দুর্বলতা: অ্যাটাকিং এবিলিটি কম
কেরালা ব্লাস্টার্স
সন্দীপ নন্দী: ট্রেভর জেমস মর্গ্যানের পছন্দের গোলকিপার। ইস্টবেঙ্গলে
থাকাকালীন তাঁর উপরে ছিল অগাধ আস্থা। কেরালা ব্লাস্টার্সে কোচ হওয়ার পরও তাই।
ডেভিড জেমস থাকায় মাত্র ৬টা ম্যাচ খেলেছিলেন। প্রথম সেমিফাইনালে দারুণ পারফর্ম করে
জিতিয়েছিলেন টিমকে। এ বারও কেরালাতে ইংল্যান্ডের কিপার। ওয়েস্ট হ্যামে খেলা
স্টিফেন বেওয়াটার। রয়েছেন শিল্টন পালও। কতটা সুযোগ পাবেন সন্দীপ, সংশয় আছে।
শক্তি: ফর্মে থাকলে এখনও সেরা
দুর্বলতা: বয়স
শিল্টন পাল (মোহনবাগান): শুরুতে আইএসএলের টিম পাননি। গত বার চেন্নাইয়ে খেললেও
তেমন পারফরম্যান্স ছিল না। ৪ ম্যাচে ৫ গোল খেয়েছিলেন। পরের দিকে তাই মার্কো
মাতেরাজ্জির ভরসা ছিল ফরাসি কিপার ব্রাসিলিয়ানোর উপর। শেষ মুহূর্তে কেরালা
ব্লাস্টার্সে ডাক পাওয়া শিল্টন সুযোগ পেলে কতটা কাজে লাগাতে পারেন,
সেটাই দেখার।
শক্তি: গোলের তলায় সদা সচেতন
দুর্বলতা: চোট প্রবণ
সৌমিক দে (ইস্টবেঙ্গল): অভিজ্ঞতা যত বাড়ছে, তত ঝকঝকে দেখাচ্ছে। চলতি মরসুমে তো শুরু
থেকে দারুণ ছন্দে রয়েছেন। কলকাতা লিগে টিমকে যথেষ্ট ভরসা দিয়েছেন। গত বার সব
মিলিয়ে ভালোই খেলেছিলেন সুপার লিগে। ১০ ম্যাচ খেলে ১৯টা ক্রশ বেরিয়েছিল তাঁর পা
থেকে। এ বারও সৌমিকের লক্ষ্য আইএসএল।
শক্তি: অ্যাভারেজ ফুটবল দেওয়া
দুর্বলতা: ওভারল্যাপে গেলে নামতে সমস্যা
মেহতাব হোসেন (ইস্টবেঙ্গল): তীব্র গতি। নাছোড় মানসিকতা। বল কেড়ে নেওয়া।
বিপক্ষ টিমকে বক্সের ধারেকাছে না আসতে দেওয়া। সব মিলিয়ে এই হলেন মেহতাব হোসেন।
বছরের পর বছর এটাই করে আসছেন। আইএসএলে গত বারও এই ভূমিকায় দেখা গিয়েছে। এ বারও
থাকছে একই ভূমিকা।
শক্তি: শেষ মিনিট পর্যন্ত লড়াই করা
দুর্বলতা: মাথা গরম করা
![]() |
| মেহতাব, আক্রমণাত্মক মুডে |
মুম্বই সিটি
সুব্রত পাল: গত বারের আইএসএলে সবচেয়ে বেশি গোল খাওয়া কিপার। ১৪ ম্যাচ খেলে
২১টা গোল খেয়েছেন। গোলের হিসেব দিয়ে সুব্রতকে বিচার করা যাবে না।
পরিসংখ্যানের হিসেবে বাংলার মিষ্টু কিন্তু আইএসএলের অন্যতম সফল কিপার। গোলের তলায়
দাঁড়িয়ে ৭০টা শটের মুখোমুখি হয়েছেন। বাঁচিয়েছেন ৪৯টা। যার মধ্যে সেভ করেছেন নিশ্চিত ৬টা গোল।এ বারও সুব্রততেই আস্থা কোচ কাম প্লেয়ার নিকোলাস আনেলকার।
শক্তি: অবিশ্বাস্য সেভ
দুর্বলতা: অবিশ্বাস্য গোল খাওয়া
দেবজিৎ মজুমদার: গত বার আই লিগের সেরা গোলকিপার। মোহনবাগানের টানা ১১ ম্যাচ
জেতার পিছনে ছিল দেবজিতের বিশ্বস্ত হাত। কলকাতার টিমে তাঁর খেলা প্রায় নিশ্চিত
থাকলেও শেষ পর্যন্ত নিলামে মুম্বই কিনে নেয় তাঁকে। সুব্রতর টিমে গিয়ে কতটা লাভ হল?
সুব্রতর জাতীয় দলে থাকাকালীন সুযোগ যদি কাজে লাগাতে পারেন, তা হলে দেবজিৎ নতুন
হিরো হয়ে যেতে পারেন আইএসএলে।
শক্তি: ধারাবাহিকতা
দুর্বলতা: উচ্চতা
কিংশুক দেবনাথ: দরকারে ডিফেন্সে খেলতে পারেন। প্রয়োজনে রাইটব্যাক,
সেন্ট্রাল মিডফল্ডেও। অলরাউন্ডার বাঙালি ডিফেন্ডার গত বার কলকাতাকে ভালোই সার্ভিস
দিয়েছেন। কিন্তু অনেকের মতো তিনি হাবাসের বাতিলের তালিকায়। কিংশুক এ বার মুম্বইয়ে।
সহকারী স্প্যানিশ কোচ অস্কারের পছন্দের প্লেয়ার। প্রথম দলে সুযোগ পেলে ভরসা দিতে
পারেন টিমকে।
শক্তি: অলরাউন্ড এবিলিটি
দুর্বলতা: শারীরিক সক্ষমতা
নর্থ-ইস্ট ইউনাইটেড
বাঙালি মুখ নেই
পুনে সিটি
প্রীতম কোটাল: পুনের রাইটব্যাককে ঘিরে এ বারও স্বপ্ন দেখা যায়। গত
বার পুরো মরসুমটাই দারুণ ছন্দে ছিলেন। আইএসএলেও ভালো পারফর্ম করেছিলেন। আই লিগে
বাগানের হয়েও খেলেছিলেন চমৎকার। তাই এ বারও তাঁকে রেখে দিয়েছে পুনে। ১০টা ম্যাচ
খেলে গত বার ১৭টা ট্যাকেল ছিল তাঁর। পুনে গত মরসুমে ভালো রেজাল্ট করতে পারেনি। এ
বার তারা খেতাবের স্বপ্ন দেখছে। সেই স্বপ্নের অন্যতম শরিক হতে পারেন প্রীতমও।
শক্তি: রক্ষণ ও আক্রমণে সাবলীল
দুর্বলতা: প্রবল চাপে বিভ্রান্ত হয়ে পড়া
অরিন্দম ভট্টাচার্য: পুনে সিটির পারফরম্যান্স শুরুতে খারাপ হলেও পরের দিকে
কিছুটা ঘুরে দাঁড়িয়ে ছিল। সোদপুরের কিপার অরিন্দম খারাপ কিপিং করেননি। ১১ ম্যাচ
খেলে খেয়েছিলেন ১০টা গোল। ২৯টা শট সেভ করেছিলেন। নিশ্চিত গোল বাঁচিয়েছিলেন ৩টে। এ
বারও পুনেতে রয়েছেন অরিন্দম। পুনেতে এ বার ইংল্যান্ডের অভিজ্ঞ গোলকিপার স্টিভ
সাইমনসেন। এভার্টন, স্টোক সিটিতে নিয়মিত খেলা বিদেশিকে টপকে অরিন্দম কতটা সুযোগ
পাবেন, বলা মুশকিল।
শক্তি: উচ্চতা
দুর্বলতা: নীচের বল




