অভিষেক সেনগুপ্ত
ফুটবল দুনিয়া কি চলতি মরসুমের সেরা গোল দেখে ফেলল
চ্যাম্পিয়ন্স লিগের পয়লা রাউন্ডের ম্যাচেই? সেরা গোলের জন্য পুসকার পুরস্কারটা
পেয়েই গেলেন আলেসান্দ্রো ফ্লোরেন্সি?
মেসির টিমের বিরুদ্ধে করা রোমার আলেসান্দ্রো ফ্লোরেন্সির
৬০ গজ দূর থেকে আচমকা করা গোলটার আপাতত নাম ‘ওয়ান্ডার গোল’! কেউ আবার এখনই বলে
দিচ্ছেন, ফ্লোরেন্সির গোলটাই চ্যাম্পিয়ন্স লিগের অল টাইম বেস্ট গোলের তালিকায়
জায়গা পেয়ে গেল!
![]() |
| ফ্লোরেন্সির সেই বিস্ময় গোল |
কে এই আলেসান্দ্রো ফ্লোরেন্সি?
- বয়স ২৪। রোমার যুব টিম থেকেই উত্থান
- রোমার হয়ে সিরি এ-তে অভিষেক ২০১১ সালে। তোত্তির বদলি হিসেবে নামেন মাঠে
- রোমার হয়ে পরিবর্ত হিসেবেই বেশির ভাগ সময় নামতে দেখা গিয়েছে
- শুরুতে মাঝমাঠে খেললেও পরে রাইটব্যাক হয়ে যান। ইতালির ক্লাবের ১১২টা ম্যাচ খেলে করেছেন ১৫টা গোল
- ফ্রান্সের বিরুদ্ধে ইতালির হয়ে অভিষেক। তখন কোচ ছিলেন সিজার প্রান্দেলি
- জাতীয় দলের হয়ে একমাত্র গোল ২০১৩ সালে প্রাক বিশ্বকাপ ম্যাচে, আর্মেনিয়ার বিরুদ্ধে। যে গোলে ঘরের মাঠে ২-২ করেছিল ইতালি
- জীবনের সেরা পারফরম্যান্স বার্সার বিরুদ্ধে ৫৫.৫ মিটার দূর থেকে গোল
লিও মেসি সবচেয়ে কম বয়সে করা চ্যাম্পিয়ন্স লিগ
সেঞ্চুরিটা হয়তো মনে রাখতে চাইবেন না! তামাম জনতার মতো বুধবার রাতটা তাঁর কাছেও
যন্ত্রণার। সুয়ারেসের গোলে এগিয়ে গিয়েও রোমার কাছে ১-১ থমকে যেতে গত বারের
চ্যাম্পিয়নদের, কেউই ভাবেনি।
![]() |
| নিজেরই বিশ্বাস হচ্ছে না ফ্লোরেন্সির |
পয়লা রাউন্ডেই দুই ম্যাঞ্চেস্টারের মুখ থুবড়ে পড়ার
চব্বিশ ঘণ্টা কাটেনি। আর্সেন ওয়েঙ্গারের আর্সেনালও হেরে বসল ক্রোয়েশিয়ার টিম
ডায়নামো জাগরেবের কাছে। বিরতির আগেই অলিভার জিরোর লাল কার্ড দেখে বেরিয়ে যাওয়াটাই
টার্নিং পয়েন্ট।
চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে একমাত্র ব্রিটিশ টিম
হিসেবে আলোয় থাকল মোরিনহোর চেলসি। তেল আবিভকে ৪-০ হারিয়ে।
অলিম্পিকোসের বিরুদ্ধে বায়ার্ন মিউনিখের সহজ ৩-০ জয়। বেয়ার
লেভারকুসেনের ৪-১ গোলে বেটেকে হারানো। কিংবা ইউক্রেনের ক্লাব ডায়নামোর পোর্তোকে
২-২ আটকে দেওয়া।
ঘটনার অন্ত নেই চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাতে। কিন্তু
সব অঘটনকে ছাপিয়ে গিয়ে বিশ্ব ফুটবলে তুমুল আলোড়ন ফেলে দিয়েছে একটাই নাম,
আলেসান্দ্রো ফ্লোরেন্সি! ৬০ গজ দূর থেকে করা যাঁর বিস্ময় গোল থমকে দিয়েছে গত
বারের চ্যাম্পিয়ন্স লিগ জেতা টিম বার্সেলোনাকে।
![]() |
| বিস্ময় গোলের পর ফ্লোরেন্সি |
তখন লুইস সুয়ারেসের গোলে ১-০ এগিয়ে গিয়েছে বার্সা। রোমার উপর
ব্যাপক চাপ। ইতালির টিমের বক্সে ঘনঘন হামলে পড়ছেন বার্সার তিন ফলা:
নেইমার-মেসি-সুয়ারেস। হঠাৎ খেলার গতি পাল্টে দিলেন ২৪ বছরের এক তরুণ।
সেন্টার লাইনের বেশ কিছুটা আগে খর্দি আলবার কাছ থেকে বল
স্ন্যাচ করেন ফ্লোরেন্সি। সামান্য দোড়ে এসেই চলতি বলে রাইটব্যাক আচমকা শট নেন। তখন
গোললাইন থেকে একটু এগিয়ে এসেছেন বার্সেলোনা গোলকিপার স্তেগান। তিনি বুঝতে পারার
আগেই পোস্টে লেগে বল জালে।
কেমন গোল করেছেন ফ্লোরেন্সি? বার্সার ডিফেন্ডার জেরার
পিকের মুখে শুনে নেওয়া যাক। ‘এত দিন ফুটবল খেলছি, এমন গোল কখনও দেখেছি, মনে পড়ছে না।
আমার দেখা এটাই বোধহয় সেরা গোল।’



