Home Ads

Sunday, August 9, 2015

লাল-হলুদের প্রথম ম্যাচের মার্কশিট

বহু বছর পর ময়দান ফিরল উপচে পড়া ছবি নিয়ে। সরকারি হিসেব বলছে, কলকাতা লিগে ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ দেখার জন্য ১৪ হাজার দর্শক হাজির ছিল শনিবার। আর বেসরকারি হিসেবে সেটা ২০ হাজারের কাছাকাছি। আশ্চর্যের বিষয় হল, মাঠের বাইরেও ছিল প্রায় হাজার পাঁচেক সমর্থক। বাংলার ফুটবলের নতুন বিজ্ঞাপন নিয়ে হাজির হল শনিবারের ইস্টবেঙ্গল মাঠ। 

ম্যান অফ দ্য ম্যাচ ডু ডং

মুরসুমের প্রথম ম্যাচে কেমন খেলল ইস্টবেঙ্গল?
টালিগঞ্জের বিরুদ্ধে প্রথমার্ধ কিছুটা চাপেই ছিল বিশ্বজিৎ ভট্টাচার্যের টিম। বিরতির পর পরই জীতেন মুর্মুর বদলে কেভিন লোবেকে নামাতেই পাল্টে গেল খেলার গতি। কিছু পরেই নামলেন র‍্যান্টি মার্টিন্স। বাকি সময়টা রাজত্ব করল ইস্টবেঙ্গল। ৮০ মিনিটে কোরিয়ান ফুটবলার ডু ডং হিয়ুনের মাপা ফ্রিকিক থেকে হেডে দুরন্ত গোল হরমনজ্যোৎ সিং খাবরার। ওপারা, সুবোধ কুমারদের টালিগঞ্জ ওখানেই শেষ।
প্রথম ম্যাচ জিতে কলকাতা লিগ শুরু করা ইস্টবেঙ্গলের প্লেয়াররা কে কেমন খেললেন? লাল-হলুদ ফুটবলারদের মার্কশিট বানালেন অভিষেক সেনগুপ্ত


লুইস ব্যারেটোঃ ৭/১০
গত মরসুমেও বেশ কিছু ম্যাচে ভালো খেলেছিলেন ব্যারেটো। কিন্তু ধারাবাহিকতার অভাবের জন্য প্রায়ই টিমের বাইরে চলে যান। লিগের প্রথম ম্যাচটাতে কিন্তু নিজেকে চমৎকার মেলে ধরলেন। আদেলেজার দুরন্ত শটটা প্রথম সেভ করেন। ফিরতি বলে অসীম বিশ্বাসের নেওয়া শটটাও বাঁচিয়ে দেন। না হলে, প্রথম ম্যাচেই কপাল পুড়তে পারত ব্যারেটোর টিমের।

সামাদ আলি মল্লিকঃ ৫/১০
লাল-হলুদের চার কোচই দারুণ উচ্ছ্বসিত রেনবো থেকে আসা সামাদকে নিয়ে। রাইটব্যাক সারা ম্যাচে খারাপ খেলেনওনি। ডিফেন্সিভ কোয়ালিটির সঙ্গে অ্যাটাকিং এবিলিটিও বেশ ভালো। দু’বার গোলের খুব কাছে পৌঁছেও গিয়েছিলেন তিনি। দুটো ক্রসও তুলেছিলেন। ইস্টবেঙ্গলে অভিষেক ম্যাচের পর স্বাচ্ছন্দেই তাঁর নম্বরের খাতায় থাকতে পারত ৭ বা ৮। কিন্তু মাথাগরম করায় গড় নম্বর থাকল সামাদের। লাল কার্ডও দেখতে পারতেন সামাদ।

অর্ণব মণ্ডলঃ ৫/১০
ধারাবাহিক ফুটবলার। লিগের প্রথম ম্যাচেও নিজের খেলাটুকু খেলে গিয়েছেন অর্ণব। তবে সিনিয়র ফুটবলার হিসেবে ডিফেন্সকে আরও নির্ভরতা দেওয়া উচিত। টালিগঞ্জ যে দু-তিনবার ইস্টবেঙ্গল বক্সে ঝাঁপিয়ে পড়েছিল, তার পিছনে সামান্য হলেও দায় থেকে যায় অর্ণবের।

দীপক মণ্ডলঃ ৭/১০
২০০৬ সালে মোহনবাগানে বিশ্বজিতের হাতে পড়েই রাইটব্যাক হতে হয়েছিল দীপককে। তার পর জাতীয় দলের কোচ বব হাউটনও তাঁকে ওই পজিশনেই খেলান। প্রায় ন’বছর পর আবার স্টপারে দেখা গেল দীপককে। পুরোনে জায়গায় ফিরে খারাপ খেলেননি। লিডিং কোয়ালিটির জন্য এখনও ডিফেন্সের অভিভাবক দীপক।  

ডু ডংয়ের বাঁ পায়ের ভেল্কি
রবার্ট লালথামুয়ানাঃ ৫/১০
ধারাবাহিক ফুটবলার। মর্গ্যানের আমলে টিমে সুযোগ পেতেন না। গত মরসুমে এলকো কোচ হওয়ার পর কিছুটা সুযোগ পেয়েছিলেন। বিশ্বজিতের আমলে রবার্টকে কিন্তু বেশ ঝকঝকেই দেখাল। সোমিক দে বেঞ্চে। সামান্য ভুল মানে টিমে জায়গা পাবেন না পাহাড়ি লেফটব্যাক। প্রথম ম্যাচে অ্যাভারেজ ফুটবল দিয়ে গেলেন রবার্ট।


মালসোয়ামা তুলুঙ্গাঃ ৬/১০
বয়স হয়তো হয়েছে অনেকটাই, কিন্তু খেলায় তার কোনও ছাপ নেই। বরং যত সময় যাচ্ছে, ততই যেন ধারাল হয়ে উঠছেন ইস্টবেঙ্গলের মামা। যতক্ষণ মাঠে ছিলেন নিজের সেরাটাই দিয়ে গিয়েছেন। তুলুঙ্গার ছটফটে ফুটবল যে কোনও টিমকে চাপে ফেলার জন্য যথেষ্ট।

মেহতাব হোসেনঃ ৫/১০
লাল-হলুদ মাঝমাঠের প্রাণকেন্দ্র। শুরুতে টালিগঞ্জের চাপের কাছে সে ভাবে খেলতে পারছিলেন না মেহতাব। বিরতির পর কেভিন লোবে নামতে ধীরে ধীরে খেলা ধরে নেন মেহতাব। পরের দিকে মরিয়া টালিগঞ্জ গোলের জন্য ইস্টবেঙ্গল বক্সে বারবার হানা দেওয়ার সময় ডিফেন্সের সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দেন মেহতাব।

হরমনজ্যোৎ সিং খাবরাঃ ৭/১০
ইস্টবেঙ্গলে যিনি অধিনায়ক হন, টিমে সুযোগ পান না সে ভাবে। গত বার সেই মিথ ভেঙে দিয়েছেন খাবরা। অলরাউন্ড এবিলিটির জন্য দেশি-বিদেশি সব কোচই পছন্দ করেন তাঁকে। বিশ্বজিতেরও তুরুপের তাস হতে পারেন পাঞ্জাবি ফুটবলার। বরাবর সুযোগসন্ধানি। গোলের জন্য ওঁত পেতে থাকেন। ডু ডংয়ের ফ্রিকিক থেকে চমৎকার হেডে গোলটাও করেছেন খাবরা।

এই সময়ঃ ৯ অগস্ট, ২০১৫



বিশ্বজিৎ ভট্টাচার্যঃ ৮/১০ইস্টবেঙ্গল, মোহনবাগানের কোচেদের প্রথম পরীক্ষাটাই সবচেয়ে চাপের। কলকাতা লিগের প্রথম ম্যাচেই টালিগঞ্জের মতো টিমের মুখে পড়েছিলেন বাঙালি কোচ। রঞ্জন চৌধুরীর টিমকে হারিয়ে পুরো পয়েন্ট যেমন পেলেন, তেমনই সমর্থকদের আস্থাও অর্জন করে ফেললেন বিশ্বজিৎ। দুটো কারণে বিশ্বজিৎ লেটার মার্কস পাচ্ছেন, এক- চাপে থাকলেও জুনিয়রদের উপর ভরসা রেখেছেন। দুই-ঠিক সময়ে কেভিন লোবো, র‍্যান্টি মার্টিন্সকে নামিয়েছেন। 




প্রহ্লাদ রায়ঃ ৩/১০
গত বারও ইস্টবেঙ্গলে ছিলেন। গোলও করেছিলেন একটা ম্যাচে। অবিনাশ রুইদাসের পক্স হওয়ায় টিমে সুযোগ পান। কিন্তু আহামরি খেলতে পারেননি। যে কারণে পরের দিকে তাঁকে তুলে নেওয়া হয়।

জীতেন মুর্মুঃ ৩/১০
বড় চেহারা। গতি আছে। কিন্তু অভিজ্ঞতা নেই। র‍্যান্টির মতো সিনিয়র স্ট্রাইকারকে পাশে পেলে নিজেকে আরও তৈরি করে নিতে পারবেন। জুনিয়র ফুটবলার। সময় পেলে দাঁড়িয়ে যাবেন।

ডু ডং হিয়ুনঃ ৮/১০
প্রথম দিনই নজর কাড়লেন কোরিয়ান ফুটবলার। দুরন্ত গতি। উইথ দ্য বল স্কিল চমৎকার। বাঁ পা বেশ ভালো। সেটপিস মাস্টার। স্ট্রাইকার হিসেবে ততটা কার্যকর নন। শুরুতে আক্রমণে খেললেও তেমন ছাপ ফেলতে পারছিলেন না। কিন্তু লোবো-র‍্যান্টি নামার পর লেফট উইংয়ে চলে যান। তার পরই মেলে ধরেন নিজেকে। খাবরাকে দিয়ে দারুণ গোলও করান। মোহনবাগানের কাতসুমির বিকল্প পেয়ে গেল ইস্টবেঙ্গল।


গোলের উল্লাস
পরিবর্ত দুই

কেভিন লোবোঃ ৭/১০
অত্যন্ত প্রতিভাবান ফুটবলার। কিন্তু ধারাবাহিকতার ভীষণ অভাব। লিগের প্রথম ম্যাচে অবশ্য চমৎকার খেললেন। লোবো নামতেই ঘুরেই যায় খেলা। প্রায় চল্লিশ মিনিট মাঠে ছিলেন। তাতেই পাল্টে লাল-হলুদের চেহারা।

র‍্যান্টি মার্টিন্সঃ ৪/১০
ম্যাচ ফিট নন একেবারেই। তবু গোল আসছে না দেখে তাঁকে মাঠে নামান বিশ্বজিৎ। ভরপুর অভিজ্ঞতা দিয়ে গোলও প্রায় করে ফেলছিলেন র‍্যান্টি। হেডটা ক্রসপিসের সামান্য উপর দিয়ে চলে যায়।

No comments:

Post a Comment

Know more about

AbhishekSengupta

journalist at Bennett, Coleman and Co. Ltd. (Times Group), Principal Correspondent at Ei Samay, Times Of India Group Education St. Pauls College, Kolkata , CMS High School, Burdwan.




Comments

Contact Us

Name

Email *

Message *