অভিষেক সেনগুপ্ত
পুনে এফসির মতো বড় টিম সরে যাচ্ছে আই লিগ থেকে। ভারত
এফসি-ও এক বছরের মধ্যেই হিমঘরে। ভারতীয় ফুটবলে যখন চরম দৈন্যদশা, তখন পাঞ্জাব থেকে
উঠে আসছে নতুন পেশাদার টিম। যা বানিয়েছেন খোদ ইস্টবেঙ্গল-মোহনবাগান খেলা পাঞ্জাবি
ফুটবলাররাই!
![]() |
| স্পোর্টিং পাঞ্জাব এফসি: ফুটবলারদের তৈরি নতুন টিম |
বলজিৎ সিং সাইনি থেকে শুরু করে গুরবিন্দর সিং, রাকেশ
মাসি, আনোয়ার আলি- তারকা পাঞ্জাবি ফুটবলাররাই এক জোট হয়েছেন রাজ্যের ফুটবল ঐতিহ্য
ফিরিয়ে আনতে। তাঁদেরই হাত ধরে আত্মপ্রকাশ করেছে নতুন পেশাদার টিম স্পোর্টিং এফসি।
সেপ্টেম্বরের মাঝামাঝি পাঞ্জাবের সুপার ডিভিশন লিগ শুরু। যেখানে জেসিটি থেকে শুরু
করে পাঞ্জাব পুলিশ, সব প্রথম সারির টিমই খেলে। সেই লিগের খেলার জন্য আট টিমের
যোগ্যতা নির্ণায়ক পর্ব চলছে ফাগোয়ারায়। মূল পর্ব থেকে এক কদম দূরে দাঁড়িযে পাঞ্জাব
এফসি। ২৪ অগস্টের ফাইনাল ম্যাচ জিতলেই সুপার ডিভিশনে চলে যাবে রাকেশদের টিম।
এক
সময পাঞ্জাব থেকে আই লিগ খেলত জেসিটি। বছর চারেক আগেই তারা ফুটবল টিম তুলে দিয়েছে।
পাঞ্জাবে ফুটবলকে আবার ফিরিয়ে আনতে চলেছেন বলজিৎ, রাকেশরা। জলন্ধর থেকে ফোনে বলজিৎ বলছিলেন, ‘আমরা কিছু দিন আগে সবাই মিলে বসে ঠিক করেছিলাম, একটা টিম তৈরি করা দরকার।
ফুটবল ঘিরে আগ্রহ এখনও রয়েছে এই রাজ্যে। সেটাকে কাজে লাগাতে চাই। প্লেয়ার তো
আমাদের রয়েইছে।’
পাঞ্জাব এফসির মালিক পাঞ্জাবেরই জনপ্রিয় গায়ক-অভিনেতা
গ্যারি সান্ধু। জলন্ধরের রুরকা কালানের ফুটবল অ্যাকাডেমির সঙ্গেও রয়েছেন যিনি।
টিমের পিছনে রয়েছেন অনাবাসী বেশ কয়েক জন ভারতীয়ও। গত বার ইস্টবেঙ্গল খেলা বলজিৎ
পাঞ্জাব এফসিতে এখনও সই করেননি।
রাকেশ, জগপ্রীত, বলদীপ সহ দুই প্রধানে খেলা আরও
অনেকেই খেলছেন পাঞ্জাব এফসিতে। রাকেশ বলছিলেন, ‘আমরা মাঠে নেমে পড়লেও সরকারি ভাবে
অনুষ্ঠান করা হয়নি। সুপার ডিভিশনের ছাড়পত্রের দিকে তাকিয়ে রয়েছি আমরা। সেটা পেয়ে
গেলেই আনুষ্ঠানিক ভাবে আত্মপ্রকাশ করবে টিম।’ সঙ্গে জুড়ে দিলেন, ‘রুরকা কালানের
অ্যাকাডেমিতে বিশ্বমানের পরিকাঠামো রয়েছে। সেটাও কাজে লাগানো হবে।’
আমরা মাঠে নেমে পড়লেও সরকারি ভাবে অনুষ্ঠান করা হয়নি। সুপার ডিভিশনের ছাড়পত্রের দিকে তাকিয়ে রয়েছি আমরা। সেটা পেয়ে গেলেই আনুষ্ঠানিক ভাবে আত্মপ্রকাশ করবে টিম।’ সঙ্গে জুড়ে দিলেন, ‘রুরকা কালানের অ্যাকাডেমিতে বিশ্বমানের পরিকাঠামো রয়েছে। সেটাও কাজে লাগানো হবে -রাকেশ মাসি
পাঞ্জাব লিগের সুপার ডিভিশনের টিকিট পেলেই এআইএফএফের
কাছে আই লিগ-টু খেলার জন্য আবেদন জানাবে পাঞ্জাব এফসি। তখনই গুছিয়ে নেওয়া হবে টিম।
ইস্টবেঙ্গলের অধিনায়ক গুরবিন্দর সিংকে পাওয়া যাবে না এই মরসুমে। তবে বলজিৎ খেলতে
পারেন। আইএসএলে কলকাতা টিমের ফুটবলার নিজেই বলে দিলেন, ‘আইএসএলের পর পাঞ্জাব
এফসি-র হয়েও খেলতে পারি।’
সব মিলিয়ে স্পোর্টিং পাঞ্জাব এফসিকে ঘিরেই তৈরি হচ্ছে
পাঞ্জাব ফুটবলের আলোয় ফেরার স্বপ্ন।

